Khabor Ekhon
২৪ ঘণ্টার বেশি আটকে রাখলেই মুক্তি, পুলিশের জন্য সুপ্রিম কোর্টের চরম সতর্কবার্তা
শ্রীতমা ব্যানার্জী :পুলিশের হাতে আটক হওয়ার পর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখাতে দেরি করলেই আর বাড়তি সময় মিলবে না। কোনও ব্যক্তিকে প্রথম কখন আটক করা হয়েছে, সেই মুহূর্ত থেকেই শুরু হবে ২৪ ঘণ্টার হিসাব। গ্রেফতারির সময়সীমা নিয়ে এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের ফৌজদারি বিচারব্যবস্থায় এই রায়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আইনজ্ঞরা।বৃহস্পতিবার বিচারপতি উজ্জ্বল ভূইয়াঁ এবং বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আটক এবং আনুষ্ঠানিক গ্রেফতারকে আলাদা করে দেখিয়ে সংবিধানের নির্ধারিত সময়সীমা এড়ানো যাবে না। পুলিশের হেফাজতে নেওয়ার পর আনুষ্ঠানিক গ্রেফতার দেখানোর আগে যে সময়টুকু কেটে যায়, সেটিও ২৪ ঘণ্টার হিসাবের মধ্যেই ধরতে হবে।সংবিধানের ২২(২) অনুচ্ছেদ অনুযায়ী, গ্রেফতার হওয়া কোনও ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়। তবে আটকস্থল থেকে আদালতে পৌঁছনোর জন্য যুক্তিসঙ্গতভাবে প্রয়োজনীয় যাত্রার সময় এই হিসাবের বাইরে থাকবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই যাত্রার সময়টুকু ছাড়া তদন্ত, জিজ্ঞাসাবাদ, তল্লাশি কিংবা বাজেয়াপ্ত করার কাজে যে সময় ব্যয় হবে, তা ২৪ ঘণ্টার সময়সীমা থেকে বাদ দেওয়া যাবে না।আদালতের পর্যবেক্ষণ, আনুষ্ঠানিক গ্রেফতারের সময় থেকে ২৪ ঘণ্টা গণনার যুক্তি সংবিধানের মৌলিক সুরক্ষার পরিপন্থী। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৫৬ নম্বর ধারার সাংবিধানিক বাধ্যবাধকতার কথাও এদিন মনে করিয়ে দিয়েছে শীর্ষ আদালত।শুধু তাই নয়, কোনও ব্যক্তিকে আটকের প্রকৃত তারিখ এবং সময় নথিভুক্ত করার দায়িত্বও ম্যাজিস্ট্রেটদের উপর দিয়েছে আদালত। সংশ্লিষ্ট ব্যক্তিকে কতক্ষণ আটক রাখা হয়েছে, তা যুক্তিসঙ্গত কি না, সেটিও স্বাধীনভাবে খতিয়ে দেখতে হবে তাঁদের। আটক রাখার সময়সীমা অযৌক্তিক বা অতিরিক্ত বলে মনে হলে রিমান্ডের আবেদন খারিজ করার ক্ষমতাও রয়েছে ম্যাজিস্ট্রেটের।নির্ধারিত ২৪ ঘণ্টার বেশি কাউকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করে আটক রাখা হলে তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।ওড়িশা, মাদ্রাজ এবং কেরল হাই কোর্টের কয়েকটি পূর্ববর্তী রায়ের ব্যাখ্যার সঙ্গেও সহমত হয়নি শীর্ষ আদালত। ওই রায়গুলিতে আনুষ্ঠানিক গ্রেফতারের আগের আটক থাকার সময়কে ২৪ ঘণ্টার হিসাবের বাইরে রাখার সুযোগ দেওয়া হয়েছিল।সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশ পুলিশের ক্ষমতার প্রয়োগে আরও কড়া নজরদারি নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পুলিশের হাতে আটক হওয়ার মুহূর্ত থেকেই যে আইনি সময়ের হিসাব শুরু, এদিন সেই বার্তাই স্পষ্ট করে দিল দেশের সর্বোচ্চ আদালত।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

