Khabor Ekhon
সাড়ে চার হাজার বছরের ইতিহাস উধাও, জাতীয় সংগ্রহশালায় নেই মহেঞ্জোদারোর বিখ্যাত ‘ড্যান্সিং গার্ল’
ইন্দ্রানী দাস : দিল্লির জাতীয় সংগ্রহশালার হরপ্পা সভ্যতার গ্যালারিতে আর দেখা যাচ্ছে না মহেঞ্জোদারোর বিখ্যাত ‘ড্যান্সিং গার্ল’ বা নৃত্যরতা তরুণীর ব্রোঞ্জমূর্তি। প্রায় সাড়ে চার হাজার বছরের প্রাচীন এই ঐতিহাসিক নিদর্শন শুধু ভারতের প্রত্নতাত্ত্বিক সম্পদ নয়, বিশ্বসভ্যতার ইতিহাসেও এক অমূল্য সম্পদ। অথচ সেই মূর্তিই এখন সংগ্রহশালার প্রদর্শনী থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে প্রশ্ন ও বিতর্ক।এই ঘটনা প্রকাশ্যে আসে প্রাক্তন লোকসভা সাংসদ আর সেন্থিলের সংগ্রহশালা পরিদর্শনের পর। সিন্ধু সভ্যতার বিভিন্ন প্রত্নস্থল ঘুরে দেখার পরিকল্পনায় দিল্লির জাতীয় সংগ্রহশালায় গিয়েছিলেন তিনি। তাঁর মূল আকর্ষণ ছিল মহেঞ্জোদারোর সেই বিখ্যাত নৃত্যরতা তরুণীর মূর্তি। কিন্তু হরপ্পা গ্যালারিতে গিয়ে মূর্তিটির দেখা না পেয়ে কার্যত বিস্মিত হন তিনি।এরপরই কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, সংস্কৃতি সচিব এবং জাতীয় সংগ্রহশালার মহাপরিচালকের কাছে চিঠি পাঠান সেন্থিল। তাঁর প্রশ্ন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনকে কেন প্রদর্শনী থেকে সরিয়ে দেওয়া হল? বর্তমানে সেটি কোথায় রাখা হয়েছে এবং কীভাবে তার নিরাপত্তা ও সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে, সেই বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তিনি।সেন্থিলের বক্তব্য, ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক চেতনায় ড্যান্সিং গার্লের গুরুত্ব অনেকটা ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামের মোনালিসার মতো। এমন একটি বিশ্বখ্যাত শিল্পকর্মকে সাধারণ দর্শনার্থীদের নাগালের বাইরে সরিয়ে রাখা কোনওভাবেই কাম্য নয়। তাঁর অভিযোগ, মূর্তিটি সরানোর পর দু’সপ্তাহেরও বেশি সময় কেটে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনও জবাব পাননি তিনি।জাতীয় সংগ্রহশালার এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে মূর্তিটি সরিয়ে নেওয়ার পর গ্যালারিতে একটি ছোট্ট নোটিস লাগানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘যুগে যুগে ভারত মিউজিয়ামের মক গ্যালারি’র জন্য নিদর্শনটি সরানো হয়েছে। শুধু ড্যান্সিং গার্ল নয়, আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্নসামগ্রীও প্রদর্শনী থেকে সরানো হয়েছে।সেই তালিকায় রয়েছে সিন্ধু সভ্যতার বিখ্যাত পশুপতি সিল, বুদ্ধের কালো পাথরের মূর্তি, কুবেরের মূর্তি, দারা শিকোহের বিবাহের চিত্রকর্ম, মাতৃদেবীর মূর্তি এবং জালিয়ানওয়ালাবাগের কলস। জানা যাচ্ছে, প্রস্তাবিত ‘যুগে যুগে ভারত মিউজিয়াম’-এর নমুনা প্রদর্শনী তৈরির কাজের জন্যই এই নিদর্শনগুলি সরানো হয়েছে।তবে উদ্বেগের জায়গা অন্যত্র। নতুন মক গ্যালারি কবে সাধারণ মানুষের জন্য খুলবে, আদৌ সেখানে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদগুলি কতদিন সাধারণ মানুষের চোখের আড়ালে থাকবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।ইতিহাস শুধু বইয়ের পাতায় বন্দি থাকে না, ইতিহাস বেঁচে থাকে প্রতিটি প্রত্ননিদর্শনের মধ্যে। মহেঞ্জোদারোর সেই ছোট্ট ব্রোঞ্জমূর্তি হাজার হাজার বছর পেরিয়ে আজও মানবসভ্যতার শিল্পবোধ, জীবনযাপন ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। তাই তাকে প্রদর্শনী থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত ঘিরে স্বচ্ছতা ও যথাযথ ব্যাখ্যার দাবি উঠছে বিভিন্ন মহলে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

