Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ফ্লোরিডায় পদ্ম নয়, ডেমোক্র্যাটের জয়, কংগ্রেসে পিয়া দান্ডিয়ার নতুন ইনিংস

0 77,453

শ্রীতমা ব্যানার্জী : আমেরিকার রাজনীতিতে ফের উজ্জ্বল ভারতীয় বংশোদ্ভূতদের সাফল্য। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার ২২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে জয় ছিনিয়ে নিলেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী পিয়া দান্ডিয়া। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কেসি আসকারকে পরাজিত করে মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অফ রিপ্রেজেন্টেটিভস) জায়গা করে নিলেন তিনি। তাঁর এই জয় শুধু ব্যক্তিগত রাজনৈতিক সাফল্য নয়, বরং আমেরিকার মূলধারার রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের ক্রমবর্ধমান প্রভাবেরও নতুন দৃষ্টান্ত।মঙ্গলবার প্রকাশিত নির্বাচনী ফলাফল অনুযায়ী, পিয়া দান্ডিয়া পেয়েছেন ৫১.৯ শতাংশ ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী কেসি আসকারের ঝুলিতে গিয়েছে ৪৯.১ শতাংশ ভোট। এই জয়ের ফলে ফ্লোরিডার একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন ডেমোক্র্যাটদের দখলে এল।ভারত থেকে আমেরিকায় অভিবাসী হওয়া পরিবারের সন্তান পিয়া। ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। রাজনীতিতে আসার আগে শিক্ষা জগতের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীতে নিউ ইয়র্কের হারলেমে একটি হাইস্কুলের অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন।মাত্র ২৮ বছর বয়সে একটি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন পিয়া। তাঁর নেতৃত্বে তৈরি সেই স্কুলের পড়ুয়াদের প্রত্যেকেই কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। উল্লেখযোগ্য বিষয়, ওই পড়ুয়াদের ৮৬ শতাংশই ছিল আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তান। শিক্ষার মাধ্যমে সামাজিক ও আর্থিক পরিবর্তন ঘটানোর লক্ষ্যই ছিল তাঁর কাজের অন্যতম ভিত্তি।প্রথমে ফ্লোরিডার ২১ নম্বর কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে রিপাবলিকান নেতা ব্রায়ান মাস্টের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা করেছিলেন পিয়া। কিন্তু পরবর্তীতে নির্বাচনী এলাকার পুনর্বিন্যাসের পর তিনি ২২ নম্বর ডিস্ট্রিক্টে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। সেই আসনেই শেষ পর্যন্ত বাজিমাত করলেন তিনি।পিয়ার এই জয়কে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ইন্ডিয়ান আমেরিকান ইমপ্যাক্টের নির্বাহী পরিচালক চিন্তন প্যাটেল জানিয়েছেন, ডেমোক্র্যাটদের কাছে অত্যন্ত কঠিন প্রতিদ্বন্দ্বিতার আসনটিকে নিজেদের দখলে এনেছেন পিয়া।শিক্ষকতা থেকে স্কুলের অধ্যক্ষ, সেখান থেকে নীতিনির্ধারণ এবং প্রযুক্তি ক্ষেত্রের কাজ। একাধিক অভিজ্ঞতার পথ পেরিয়ে এবার মার্কিন কংগ্রেসে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন পিয়া দান্ডিয়া। তাঁর এই সাফল্য আরও একবার মনে করিয়ে দিল, অভিবাসী পরিবারের শিকড় যত দূরেই থাকুক, স্বপ্নের বিস্তার আটকে থাকে না কোনও ভৌগোলিক সীমারেখায়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper