Khabor Ekhon
চোরবাগানের কালো স্মৃতি, বারাসতে এবার ভিড় সামলাতে কোমর বাঁধল প্রশাসন
শ্রীতমা ব্যানার্জী : চোরবাগান সর্বজনীনের পদপিষ্ট হওয়ার ঘটনায় ১৯ জনের মৃত্যুর ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। সেই মর্মান্তিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বারাসতের কালীপুজোয় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ ও প্রশাসন। উৎসবের আনন্দে যাতে আর কোনও প্রাণহানির ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই আগেভাগে একাধিক পদক্ষেপ করা হচ্ছে।বারাসত জেলা পুলিশ ও প্রশাসনের তরফে ইতিমধ্যেই বড় পুজো মণ্ডপগুলিতে পরিদর্শন শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের এডিজি রাজেশ কুমার সিং এবং বারাসতের পুলিশ সুপার জে মার্সির নেতৃত্বে বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। পরিদর্শনে গুরুত্ব পাচ্ছে মণ্ডপের পরিকাঠামো, দর্শনার্থীদের যাতায়াতের পথ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত বেরিয়ে আসার ব্যবস্থা।প্রশাসনের নির্দেশ, প্রতিটি পুজো মণ্ডপে পর্যাপ্ত প্রবেশ ও বেরোনোর পথ রাখতে হবে। পাশাপাশি ভিড় সামলানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। শুধু কাগজে-কলমে প্রস্তুতি নয়, বাস্তবে সেই ব্যবস্থা কতটা কার্যকর, তা সরেজমিনে খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিক, পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার এবং প্রশাসনের প্রতিনিধিরা।সোমবার বারাসত রবীন্দ্রভবনে আয়োজিত জরুরি সমন্বয় বৈঠকে পাঁচ দিনের কালীপুজো উপলক্ষে বিশেষ পরিকল্পনার কথা জানানো হয়েছে। আগামী ৭ থেকে ১১ নভেম্বর পর্যন্ত উৎসবের দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।উৎসবের মরশুমে মানুষের ঢল নামবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই জনসমাগম যেন আতঙ্কের কারণ হয়ে না দাঁড়ায়, সেটাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চোরবাগানের দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সামান্য অব্যবস্থাও কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই এবার বারাসতের কালীপুজোয় প্রশাসনের মূল লক্ষ্য একটাই, উৎসব হোক আনন্দের, নিরাপত্তার প্রশ্নে কোনও আপস নয়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

