Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ঝড়খালিতে গভীর রাতে নাবালিকাকে নিয়ে বাইকে দাপাদাপি, আটক পাঁচ

0 3,367

শিবনাথ দাস : গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে নিয়ে উদ্দাম গতিতে বাইক দাপাদাপির ঘটনায় পাঁচ যুবকের বেপরোয়া বাড়বাড়ন্ত রুখে দিল পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া বাসন্তী ব্লকের ঝড়খালি কোস্টাল থানা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মাঝরাস্তায় হাতেনাতে ধরে ওই পাঁচ যুবককে যেমন কড়া বার্তা দেওয়া হল, তেমনই বিশেষ দাওয়াই হিসেবে প্রকাশ্য রাস্তায় কান ধরে ওঠবস করিয়ে থানায় নিয়ে গেল পুলিশ প্রশাসন। রাতের অন্ধকারে নারী সুরক্ষার প্রশ্নে পুলিশের এমন সক্রিয় ভূমিকায় স্থানীয় মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় একটা বেজে গিয়েছে। চারিদিক ঘন অন্ধকারে ঢাকা, সাধারণ মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সেই সময়ে হঠাৎই বিকট শব্দে সাইলেন্সার ফাটিয়ে তীব্র গতিতে ঝড়খালির প্রধান রাস্তা দিয়ে ছুটতে দেখা যায় দু’টি মোটর বাইক। এমন অস্বাভাবিক আওয়াজ ও অস্বাভাবিক গতি লক্ষ্য করে সন্দেহ হয় এলাকায় টহলরত পুলিশ কর্মীদের। এক মুহূর্ত দেরি না করে পুলিশ গাড়ি নিয়ে ধাওয়া করে বাইক দু’টিকে পথ আটকে দাঁড় করায়। পুলিশ দেখে হতবাক হয়ে যায় যে, দু’টি বাইকে গাদাগাদি করে বসে রয়েছে পাঁচজন যুবক এবং একটি বাইকের পিছনে বসে রয়েছে অত্যন্ত অল্পবয়সি এক কিশোরী। গভীর রাতে এই ধরনের বেপরোয়া যাতায়াত এবং সঙ্গে এক নাবালিকার উপস্থিতি দেখে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বাইক থামিয়ে চালক ও আরোহীদের নাম, বাবার নাম এবং বাড়ির ঠিকানা জানতে চান পুলিশকর্মীরা। এরপরই পিছনে বসে থাকা ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ভয়ে স্বীকার করে যে তার বয়স মাত্র পনেরো বছর। এই কথা শুনে পুলিশের মেজাজ আরও চড়ে যায়। এত রাতে এক নাবালিকাকে সঙ্গে নিয়ে এমন উদ্দাম ও বিপজ্জনক ভ্রমণের কী উদ্দেশ্য, তা নিয়ে যুবকদের একের পর এক প্রশ্নে চেপে ধরা হয়। প্রথমে পুলিশ যখন সকলকে থানায় তুলে নিয়ে গিয়ে গাড়িতে তোলার নির্দেশ দেয়, তখন ভয় পেয়ে ওই পাঁচ যুবক কাকুতিমিনতি শুরু করে। তারা হাতজোড় করে বলতে থাকে, “আমাদের বড় ভুল হয়ে গিয়েছে স্যর, আর কখনও এমন হবে না। শেষবারের মতো মাফ করে দিন। আর একদিন যদি দেখতে পান, তারপর ধরে নিয়ে যাবেন।”তবে পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, এর আগেও এই ধরনের বিশৃঙ্খলার জন্য তাদের আটক ও সতর্ক করা হয়েছিল, সেবার ছেড়েও দেওয়া হয়েছিল। কিন্তু বারবার একই কাজের পুনরাবৃত্তি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কর্তব্যরত পুলিশ আধিকারিককে ক্ষোভের সঙ্গে বলতে শোনা যায়, “ক’টা বাজে তোরা জানিস? রাত একটার সময় ভদ্র ঘরের ছেলেরা এইভাবে বাইক ছুটিয়ে ঘোরে? একটা ছোট মেয়েকে নিয়ে তোরা এত রাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস? তোদের কি রোজ রোজ নতুন নতুন বান্ধবী বদল করতে হয়?” গভীর রাতে মহিলাদের নিয়ে এমন বিপজ্জনক কাণ্ডজ্ঞানহীন খেলা যে সমাজ ও আইনের চোখে অপরাধ, তা পরিষ্কার বুঝিয়ে দেয় পুলিশ। অবশেষে অপরাধের প্রাথমিক শাস্তি ও চরম লজ্জা দিতে মাঝরাস্তাতেই পাঁচ যুবককে কান ধরে ওঠবস করানো হয়। এরপরই তাদের আটক করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কোস্টাল থানায় নিয়ে যাওয়া হয়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper