Khabor Ekhon
তিন মাসের অন্তঃসত্ত্বা, প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক দিল্লিতে রহস্যমৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর নির্যাতনের অভিযোগ
ইন্দ্রানী দাস ::মাত্র ৩০ বছর বয়স। তিন মাসের অন্তঃসত্ত্বা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার হিসেবে কর্মরত নাজিয়া খানমের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির দ্বারকায়। গত ২১ অগস্ট নিজের বাড়িতে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। নাজিয়ার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি। পরিবারের দাবি, ফোনে একাধিকবার তাঁদের কাছে নিজের উপর অত্যাচারের কথা জানিয়েছিলেন নাজিয়া। এমনকি তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া এবং প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। চলতি বছরের ১১ এপ্রিল আজম আলি খানের সঙ্গে নাজিয়ার বিয়ে হয়। তাঁর বাবা তাওয়াব খানের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী আজম আলি খান, শাশুড়ি সামিন নিশা, শ্বশুর বাবর আলি খান-সহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা নাজিয়াকে নিয়মিত হেনস্থা করতেন। অভিযোগ, মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি নানা ভাবে চাপ সৃষ্টি করা হত তাঁর উপর।পরিবারের দাবি, মৃত্যুর সময় নাজিয়া তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও তাঁর স্বামীর আচরণে কোনও পরিবর্তন হয়নি বলেও দাবি করেছেন তাঁর বাবা।অন্যদিকে, পুলিশকে দেওয়া বয়ানে নাজিয়ার স্বামী ঘটনার ভিন্ন বিবরণ দিয়েছেন। তাঁর দাবি, ঘটনার আগে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এরপর নাজিয়া তাঁকে একটি ঘরে আটকে রেখে অন্য ঘরে চলে যান। স্বামীর বক্তব্য অনুযায়ী, তিনি বাড়ির মালিককে ফোন করেন। পরে বাড়ির মালিক বারান্দায় এসে মইয়ের সাহায্যে তাঁকে ঘর থেকে বের করে আনেন।এরপর জানালা দিয়ে অন্য ঘরে তাকিয়ে নাজিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে পুলিশের কাছে দাবি করেছেন তাঁর স্বামী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। নাজিয়ার মৃত্যুর খবর পরিবারের সদস্যদের জানায় পুলিশ। পরে তাঁর বাবা তাওয়াব খান এবং ভাই বিজওয়াসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীনেশ রানার কাছে নিজেদের বক্তব্য নথিভুক্ত করেন। নাজিয়ার পরিবারের অভিযোগ, তাঁর মৃত্যুর জন্য শ্বশুরবাড়ির সদস্যরাই দায়ী। তাঁর বাবা বিশেষ করে বাবর আজম খানের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।ফলে নাজিয়ার মৃত্যু আত্মহত্যা, নাকি এর নেপথ্যে অন্য কোনও ঘটনা রয়েছে—তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। একদিকে স্বামীর দাবি, নাজিয়াকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল; অন্যদিকে পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির নির্যাতনের জেরেই এই মৃত্যু।ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৮৫ নম্বর ধারা, অর্থাৎ স্বামী বা তাঁর আত্মীয়দের হাতে নিষ্ঠুরতা এবং ১০৮ নম্বর ধারা, অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারীরা। ময়নাতদন্ত-সহ তদন্তের পরই নাজিয়ার মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

