Khabor Ekhon
বারামতীতে এনসিপি (এসপি) বিধায়কের পিএ-র মেয়ের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ
রাজনন্দিনী ঘোষ ::মহারাষ্ট্রের পুনে জেলার বারামতীতে এনসিপি (এসপি) বিধায়ক রোহিত পাওয়ারের ব্যক্তিগত সহকারী অজিত দশাবাতারের মেয়ের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে রুই গ্রামের সাইনগর এলাকার বাড়ির কাছ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বাড়িতে মায়ের সঙ্গে একটি বিষয় নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছিল ওই তরুণীর। এরপর রাগ করে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজ করেও তাঁর সন্ধান না মেলায় পরিবারের তরফে পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।রবিবার সকালে বাড়ির কাছেই তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য বারামতী সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপাতত সমস্ত সম্ভাব্য দিক মাথায় রেখেই তদন্ত এগোচ্ছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

