Khabor Ekhon
চার সপ্তাহের অপেক্ষার পর আজ মহারণ, হারানো ম্যাচের জবাব দিতে মরিয়া ইস্টবেঙ্গল, মুকুট ধরে রাখতে নামছে মোহনবাগান
সঞ্জয় মিত্র ::শুরুটা হয়েছিল কলকাতা ডার্বি দিয়ে। চার সপ্তাহের দীর্ঘ লড়াই শেষে সেই ডার্বিতেই লেখা হবে ১৩৫তম ডুরান্ড কাপের শেষ অধ্যায়। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। বিকেল পাঁচটায় শুরু হবে মহারণ। ট্রফির পাশাপাশি কলকাতার ফুটবলে শ্রেষ্ঠত্বের দাবিও আজ নতুন করে প্রতিষ্ঠা করার লড়াই। গত ২৫ জুলাই এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচে সাহাল আব্দুল সামাদের দ্বিতীয়ার্ধের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল মোহনবাগান। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের একমাত্র হার সেটিই। তাই আজকের ফাইনাল লাল-হলুদের কাছে শুধুমাত্র ট্রফি জয়ের ম্যাচ নয়, সেই হারের জবাব দেওয়ারও বড় সুযোগ। প্রথম ম্যাচের পর থেকেই দুর্দান্ত ছন্দে এগিয়েছে দুই দল। মোহনবাগান গ্রুপ পর্বে তিনটি ম্যাচের তিনটিতেই জিতে সবার আগে পরের পর্বে জায়গা করে নেয়। সাউথ ইউনাইটেডকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে মনবীর সিংহ করেন তিন গোল। এরপর সিআইএসএফকে ৬-০ গোলে হারায় তারা। সেই ম্যাচে প্রথমার্ধেই তিন গোল করে নজর কাড়েন সাহাল। অন্যদিকে, উদ্বোধনী ম্যাচে হারের পর দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় ইস্টবেঙ্গল।সিআইএসএফ বিরুদ্ধে ৮-০ গোলের বড় জয় দিয়ে নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের অধীনে প্রথম জয় তুলে নেয় লাল-হলুদ। এরপর সাউথ ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়ে সেরা রানার্স-আপদের অন্যতম হিসেবে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে তারা। শেষ আটে অবশ্য দুই দলের পথই কঠিন হয়ে ওঠে। ইস্টবেঙ্গল ভারতীয় সেনাবাহিনীকে পি ভি বিষ্ণুর ৩৮ মিনিটের গোলে ১-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে। শেষ চারে দিল্লির স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে গোলশূন্য ম্যাচের পর টাইব্রেকারে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-হলুদ। মোহনবাগানের পথও ছিল যথেষ্ট কঠিন। শেষ আটে জামশেদপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৯-৮ ব্যবধানে জয় পায় সবুজ-মেরুন। সেমিফাইনালে বৃষ্টিবিঘ্নিত গোলশূন্য ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ফের টাইব্রেকারের পরীক্ষা। গোলরক্ষক বিশাল কাইথের দুর্দান্ত সাফল্যে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছয় মোহনবাগান।পরিসংখ্যানেও দুই দল প্রায় সমানে সমান। ছয় ম্যাচে মোহনবাগান করেছে ১৬ গোল, হজম করেছে মাত্র একটি। ইস্টবেঙ্গল করেছে ১৪ গোল, তারাও গোল খেয়েছে মাত্র একবার—আর সেই গোলটিই এসেছিল প্রতিযোগিতার প্রথম কলকাতা ডার্বিতে। ডুরান্ড কাপের ফাইনালে এর আগে ১২ বার মুখোমুখি হয়েছে কলকাতার দুই প্রধান। আজ সেই লড়াই পৌঁছবে ১৩তম অধ্যায়ে। একদিকে অপরাজিত মোহনবাগান, অন্যদিকে প্রথম ম্যাচের হারের প্রতিশোধ নিতে মরিয়া ইস্টবেঙ্গল।৯০ মিনিটের লড়াইয়েই ঠিক হবে ডুরান্ডের মুকুট কার মাথায় উঠবে। আর ম্যাচের ভাগ্য যদি নির্ধারিত সময়ে না হয়, অপেক্ষা করতে হতে পারে টাইব্রেকারের রোমাঞ্চের জন্যও। আজ যুবভারতীতে শুধু ফাইনাল নয়, আজ কলকাতার ফুটবলের গৌরবের লড়াই।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

