Khabor Ekhon
র্যাপিডো চালক থেকে ‘ব্যাঙ্ক মিউল’! ৩ হাজারে অ্যাকাউন্ট, ঘুরল ২৫ কোটি
রাজনন্দিনী ঘোষ : মাত্র ৩,০০০ থেকে ৫,০০০ টাকার বিনিময়ে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন তিন যুবক। সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই নাকি একাধিক সাইবার প্রতারণার টাকা লেনদেন করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তদের অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ২৫ কোটি টাকা ঘোরানো হয়েছে। ঘটনায় পটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম প্রভাকর, অমিত এবং দীপক। অভিযোগ, সাইবার প্রতারণা চক্রের সদস্যদের কাছে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দিয়েছিলেন তাঁরা। প্রতিটি লেনদেনের জন্য মিলত ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত।ধৃতদের মধ্যে দু’জন আবার র্যাপিডো বাইক-ট্যাক্সি চালক হিসেবে কাজ করেন। তৃতীয় অভিযুক্তও দীর্ঘদিন ধরে সাইবার প্রতারণা চক্রের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার কাজে যুক্ত ছিলেন বলে পুলিশের দাবি। পুলিশের বক্তব্য, একটি আন্তঃরাজ্য সাইবার অপরাধচক্র অনলাইন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা প্রথমে এই অ্যাকাউন্টগুলিতে জমা করত। এরপর বিভিন্ন অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের মাধ্যমে তার উৎস আড়াল করার চেষ্টা করা হত। পটনা সাইবার থানার দায়িত্বপ্রাপ্ত ডিএসপি সঙ্গীতা কুমারী জানিয়েছেন, তিন অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের প্রতারণার শিকার ব্যক্তিদের তরফে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল -এ অভিযোগ জমা পড়েছে। পুলিশের অভিযান চালিয়ে পটনা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। তৃতীয় অভিযুক্তকে বিহারের বক্সার জেলা থেকে পাকড়াও করা হয়েছে। তদন্তকারীদের এখন মূল লক্ষ্য, এই তিনজনের পিছনে থাকা বড় চক্রের হদিশ পাওয়া। কারা ওই ভাড়া নেওয়া অ্যাকাউন্টগুলি ব্যবহার করে প্রতারণার টাকা সরাত, সেই ব্যক্তিদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি, এই চক্রে আরও কতজন নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন এবং তাঁদের প্রত্যেকের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। মাত্র কয়েক হাজার টাকার লোভে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কোটি কোটি টাকার সাইবার প্রতারণার লেনদেনে নাম জড়ানো এই ঘটনাই ফের সামনে আনল ‘মিউল অ্যাকাউন্ট’-এর ভয়াবহ দিক।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

