Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

গ্লাসগোর রেস্তরাঁয় ভারতের বিকৃত মানচিত্র! লভলিনার প্রতিবাদে নিঃশর্ত ক্ষমা চাইল কর্তৃপক্ষ

0 2,167,428

কমনওয়েলথ গেমসের রিংয়ে ঐতিহাসিক সাফল্যের পর গ্লাসগোতে উৎসবের আবহ তৈরি হয়েছিল ভারতীয় বক্সিং শিবিরে। কিন্তু সেই আনন্দের মাঝেই এক অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত ঘটনার মুখোমুখি হলেন ভারতীয় বক্সাররা। গ্লাসগোর একটি খ্যাতনামা ভারতীয় রেস্তরাঁয় দেশের বিকৃত মানচিত্র দেখে সরব হলেন অলিম্পিক পদকজয়ী তারকা বক্সার লভলিনা বরগোহাঁই। লভলিনার জোরালো প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছে রেস্তরাঁ কর্তৃপক্ষ।

 

গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সাররা এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন। টুর্নামেন্ট থেকে ভারতের ঝুলিতে এসেছে সাতটি সোনা এবং তিনটি রুপো। প্রীতি পওয়ার, জ্যাসমিন লাম্বোরিয়া, প্রিয়া ঘাঙ্গাস, সাক্ষী চৌধুরী ও অরুন্ধতী চৌধুরী—এই পাঁচ মহিলা বক্সারের পাশাপাশি পুরুষদের বিভাগে শচীন সিওয়াচ ও অঙ্কুশ পাঙ্গাল সোনা জিতেছেন। অন্যদিকে লভলিনা বরগোহাঁই, জাদুমণি সিং এবং নরেন্দর বেরওয়াল জয় করেছেন রুপোর পদক।

 

এই স্মরণীয় সাফল্য উদযাপনেই গ্লাসগোর ‘মিস্টার সিংস ইন্ডিয়া, দ্য হোম অব কারি’ নামক রেস্তরাঁয় গিয়েছিলেন ভারতীয় বক্সিং দলের সদস্যরা। সেখানে গিয়েই ঘটে অনভিপ্রেত বিপত্তি। লভলিনার নজরে আসে, রেস্তরাঁর ন্যাপকিনে মুদ্রিত ভারতের মানচিত্রে উত্তর-পূর্ব ভারতের অংশটি সম্পূর্ণ অনুপস্থিত। শুধু ন্যাপকিনই নয়, রেস্তরাঁর বাইরের মূল লোগোতেও একই ভুল মানচিত্র ব্যবহার করা হয়েছিল।

 

বিষয়টি সামাজিক মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরে সরব হন অসমের মেয়ে লভলিনা। ভিডিওতে আবেগপ্রবণ লভলিনা জানান, বিষয়টি তাঁকে ভীষণ কষ্ট দিয়েছে। ভারতের মানচিত্রে উত্তর-পূর্ব অংশটাই বাদ দেওয়া হয়েছে, এমনকি রেস্তরাঁর বাইরের লোগোতেও একই ভুল রয়েছে। নিজে উত্তর-পূর্ব ভারতের মানুষ হিসেবে এটি দেখা অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি রেস্তরাঁ কর্তৃপক্ষকে ভবিষ্যতে এই বিষয়টি মাথায় রাখার অনুরোধ জানান।

 

লভলিনার এই ভিডিওটি নিমেষেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে এবং রেস্তরাঁটিকে অবিলম্বে ভুল সংশোধনের দাবি জানানো হয়। প্রবল চাপের মুখে পড়ে ব্যাকফুটে চলে যায় রেস্তরাঁ কর্তৃপক্ষ। বিতর্ক বাড়তেই তারা একটি অফিশিয়াল বিবৃতি জারি করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে। প্রায় ৩২ বছর ধরে তারা সগর্বে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরছে জানিয়ে রেস্তরাঁটি দাবি করে, কাউকেই আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না। তারা নিশ্চিত করে যে দ্রুত ভুল মানচিত্র সরিয়ে নতুন লোগো ও ন্যাপকিন তৈরি করা হবে। পাশাপাশি ভারতীয় বক্সিং দলের এই অভাবনীয় সাফল্যের জন্য শুভকামনাও জানায় তারা।

 

তবে বিতর্ক সেখানেই থামেনি। ক্ষমা চাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় রেস্তরাঁটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আর দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের তীব্র ক্ষোভ থেকে বাঁচতেই অ্যাকাউন্টটি মুছে ফেলা হয়েছে, নাকি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে—তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। সাফল্যের আনন্দের মাঝে এই ঘটনাটি ভারতীয় ক্রীড়ামহলে ক্ষোভের সৃষ্টি করলেও লভলিনার এই প্রতিবাদ সর্বস্তরে প্রশংসিত হচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper