Khabor Ekhon
ছেলেকে চাপে রাখতে বাবা-মাকে নিশানা? নতুন অভিযোগে তোলপাড় রাজনীতি
শ্রীতমা ব্যানার্জী: ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। এমনকি যোগ না দিলে তাঁর বাবা-মাকে ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করলেন অভিজিতের মা অনিতা দীপকে। বুধবার একটি মারাঠি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই হুমকির জেরেই তাঁরা প্রায় ১৬ দিন বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন।
অনিতা দীপকের কথায়, প্রথমে ছেলে বিষয়টি তাঁদের জানাননি। পরে অভিজিৎ তাঁকে একটি ভিডিওর কথা বলেন এবং সেটি না দেখার পরামর্শ দেন। তাঁর দাবি, ওই ভিডিওতে স্পষ্টভাবে বলা হয়েছিল, “অভিজিৎ যদি বিজেপিতে যোগ না দেন, তাহলে তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
হুমকির পরই অভিজিৎ নিজের বাবা-মাকে নিরাপদ জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেন। ছেলের অনুরোধ মেনে তাঁরা কোকণ অঞ্চলে এক আত্মীয়ের বাড়িতে চলে যান এবং সেখানে টানা ১৬ দিন থাকেন।
অনিতা বলেন, “অভিজিৎ নিজের জন্য ভয় পেত না। কিন্তু আমরা এসব পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত নই। তাই আমাদের নিরাপদে থাকতে বলেছিল। সে তখন আমাদের সঙ্গে ছিল না। তার ওপর ওর বাবা নিম্ন রক্তচাপের রোগী। তাই ও আরও চিন্তায় ছিল।”
অভিজিতের বাবা অবশ্য বিষয়টিকে অন্যভাবে দেখেছেন। তাঁর বক্তব্য, সমাজের জন্য কাজ করলে সমালোচনা ও বিরোধিতা থাকবেই। তবে সবাই একইভাবে প্রতিক্রিয়া দেখান না। অনেকেই ভালো কাজের প্রশংসাও করেন।
সাক্ষাৎকারে ছেলেকে নিয়ে একটি ব্যক্তিগত ঘটনাও তুলে ধরেন অনিতা দীপকে। তিনি জানান, একবার বাড়ির পাইপ সারাতে গিয়ে একজন প্লাম্বার ভুলবশত পাইপ ভেঙে ফেলেন। ফলে পুরো বাড়ি জলে ভরে যায়। বাবার রাগের ভয়ে অভিজিৎ নির্ধারিত সময়ের অনেক আগেই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। যদিও পরে সমস্যার সমাধান হয়ে যায়। মজার ছলে অনিতা জানান, ওই ঘটনার কথা তিনি তাঁর স্বামীকে প্রায় ছয় মাস জানাননি।
প্রসঙ্গত, গত ১৬ মে অভিজিৎ দীপক ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) নামে একটি ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলনের সূচনা করেন। পরে সেই আন্দোলন দেশজুড়ে ছাত্র-যুবদের অংশগ্রহণে বড় আকার ধারণ করে। সে সময় তিনি যুক্তরাষ্ট্রের বোস্টনে থাকলেও, আন্দোলনকে সংগঠিত করতে পরে ভারতে ফিরে আসেন।
তবে অনিতা দীপকের এই অভিযোগের বিষয়ে বিজেপির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। অভিযোগগুলির স্বাধীনভাবে যাচাইও সম্ভব হয়নি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

