Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নীল-সাদা মায়া কাটিয়ে গেরুয়া কলকাতায় নতুন আবাহন, ত্রিফলাতেও এবার রঙের পরিবর্তনের দাবি

0 593,423,859

শিবনাথ দাস : রাজ্য শাসনের অলিন্দে পালাবদলের পদধ্বনি এখন কেবল মহাকরণ বা নবান্নের করিডোরে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে তিলোত্তমার রাজপথেও। পনেরো বছরের একচ্ছত্র শাসনের অবসান ঘটিয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নকে মুড়ে দেওয়া হয়েছে গেরুয়া আলোকসজ্জায়। আর নবান্নের সেই অভূতপূর্ব রূপান্তর দেখেই এবার সাধারণ মানুষের মধ্যে থেকে জোরালো দাবি উঠতে শুরু করেছে— কলকাতার রাস্তার মোড়ে মোড়ে থাকা ত্রিফলা বাতিস্তম্ভ থেকেও এবার নীল-সাদা মায়া কাটিয়ে গেরুয়া আলো জ্বালানো হোক। সোমবার সকাল থেকেই কলকাতার অলিতে-গলিতে, পাড়ার মোড়ে কিংবা চায়ের আড্ডায় সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে একটিই আলোচনা, যে সরকার এতদিন সৌন্দর্যায়নের নামে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা লুটেছে, সেই সরকারের প্রতিটি চিহ্ন এবার মুছে দেওয়ার সময় এসেছে।

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শপথ নেওয়ার পরেই কলকাতার ভোল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আনা হয়েছিল ত্রিফলা বাতিস্তম্ভ। নীল-সাদা এলইডি আলোয় গোটা শহরকে মুড়ে ফেলার নেপথ্যে তখন ‘সৌন্দর্যায়ন’-এর যুক্তি দেওয়া হয়েছিল। বাস্তবিকই রাতের কলকাতা কিছুটা ঝলমলে হয়ে উঠেছিল ঠিকই, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে যে বিপুল পরিমাণ ‘কাটমানি’ বা দুর্নীতির পাহাড় জমেছিল, তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। রাস্তার ডিভাইডার থেকে শুরু করে ফ্লাইওভার, এমনকি সরকারি বাড়ির গায়েও জোর করে নীল-সাদা রঙের প্রলেপ লাগিয়ে দেওয়া হয়েছিল। নিন্দুকদের দাবি তো বটেই, এমনকি সাধারণ মানুষেরও আজ উপলব্ধি হয়েছে যে, ওই নীল-সাদা থিমের প্রকৃত উদ্দেশ্য ছিল বাছাই করা কিছু কন্ট্রাক্টরদের সুবিধা পাইয়ে দেওয়া এবং সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা সরিয়ে নেওয়া। যে সরকারের মন্ত্রী-সান্ত্রিদের নামের পাশে জনসাধারণ ইতিপূর্বেই ‘কয়লা চোর’, ‘গরু চোর’ কিংবা ‘বালি চোর’-এর তকমা সেঁটে দিয়েছে, সেই সরকারের নীল-সাদা প্রীতি যে কেবল কাটমানি খাওয়ার অন্যতম রাস্তা ছিল, তা এখন প্রমাণিত ধ্রুব সত্য।

আজকের এই পরিবর্তনের আবহে মানুষের ক্ষোভ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর ছবি। আরামবাগ থেকে গোঘাট— বিভিন্ন এলাকায় তৃণমূল সাংসদ বা প্রভাবশালী নেতাদের বাড়ির কাছে তৃণমূল পার্টি অফিসের আলমারি খুলতেই বেরিয়ে আসছে সরকারি ত্রাণের স্তূপ। দুর্যোগের জন্য বরাদ্দ করা ত্রিপল থেকে শুরু করে কৃষকদের শস্য বীজ কিংবা শাড়ি ও সাদা থান— কেন সরকারি বিলির সামগ্রী পার্টি অফিসের আলমারিতে গুছিয়ে রাখা থাকবে, সেই প্রশ্ন আজ জনতাকে অগ্নিশর্মা করে তুলেছে। চায়ের দোকানের আড্ডায় এখন একটাই গুমরানো আক্ষেপ, “বাংলায় গত ১৫ বছর ধরে এ কোন সরকার রাজত্ব করেছিল!” মানুষের রক্ত জল করা টাকায় কেনা ত্রাণ যখন নেতার কার্যালয়ে পচে, তখন সেই সরকারকে ছুড়ে ফেলাই ছিল একমাত্র গণতান্ত্রিক পথ— এমনটাই মত সাধারণ মানুষের।

ঠিক এই প্রেক্ষাপটেই সোমবার নবান্ন যখন প্রথম বার নতুন সরকারের আমলে গেরুয়া আলোকসজ্জায় সজ্জিত হল, তখন গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা বহু মানুষ হাততালি দিয়ে সেই পরিবর্তনকে স্বাগত জানালেন। সাধারণ মানুষের মতে, এটা কেবল আলোর বদল নয়, এটা হল ‘ছিঁচকে চোর’দের সরকারকে যোগ্য জবাব। শুভেন্দু অধিকারীর নবগঠিত সরকার প্রশাসনিক সংস্কারের যে ইঙ্গিত দিয়েছে, তা আমজনতার মনে নতুন আশার সঞ্চার করেছে। আর সেই আশার থেকেই দাবি উঠেছে, কলকাতার ত্রিফলা আলোগুলোতেও এবার আসুক পরিবর্তনের ছোঁয়া। নীল-সাদা রঙের ওই আধিপত্য ভেঙে ফেলা হোক। কারণ, ওই রঙের সঙ্গে জড়িয়ে আছে বঞ্চনা, কাটমানি আর সাধারণ মানুষের প্রাপ্য কেড়ে নেওয়ার ইতিহাস।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার যেভাবে প্রথম দিন থেকেই মারকাটারি মেজাজে দুর্নীতির মূলে আঘাত হানছে, তাকে অভিনন্দন জানাচ্ছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত— সব স্তরের মানুষই। তাঁদের বক্তব্য, সৌন্দর্যায়ন মানে কেবল রঙচঙে আলো নয়, সৌন্দর্যায়ন মানে হল স্বচ্ছ প্রশাসন। তবুও, যেহেতু নীল-সাদা রঙটি এখন দুর্নীতির প্রতীকে পরিণত হয়েছে, তাই শহরবাসী চাইছেন গেরুয়া আভায় কলকাতাকে এক নতুন পরিচিতি দিতে। মানুষের এই স্বতঃস্ফূর্ত দাবিই প্রমাণ করে দিচ্ছে যে, ১৫ বছরের জগদ্দল পাথর সরাতে পেরে বঙ্গবাসী আজ কতটা স্বস্তিতে। শুভেন্দু সরকারের হাত ধরে বাংলার প্রশাসন এবং কলকাতার রাজপথ— দুইই এবার কলঙ্কমুক্ত হওয়ার অপেক্ষায়। দিনভর নবান্নে প্রশাসনিক বৈঠকের রেশ কাটিয়ে সন্ধ্যায় যখন গেরুয়া আলোয় জ্বলে উঠল সচিবালয়, তখন সেই আলোর ছটায় শহরবাসী নতুন এক ভোরের স্বপ্ন দেখছেন। অদূর ভবিষ্যতে ত্রিফলা বাতিস্তম্ভেও যে এই আধ্যাত্মিক ও ত্যাগের রঙের আলো দেখা যাবে, সেই প্রত্যাশা এখন আকাশচুম্বী।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper