Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

চার ম্যাচ পর এমবাপ্পে-ভিনির গোলে জয়ের ধারায় ফিরল রিয়াল 

0 62,178,688

চার ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে জয় ফিরে পেল রিয়াল মাদ্রিদ। তবে লা লিগায় শিরোপার দৌড়ে এখনও বেশ কঠিন সমীকরণের মধ্যেই রয়েছে স্প্যানিশ জায়ান্টরা। মঙ্গলবার মধ্যরাতে সান্তিয়াগো বার্নাব্যুতে আলাভেসের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে কিছুটা স্বস্তি পেয়েছে দল। জয়ের নায়ক দুই তারকা কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়াস জুনিয়র।

ম্যাচের শুরুটা মোটেও সহজ ছিল না রিয়ালের জন্য। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের হতাশা এবং লিগে টানা কয়েক ম্যাচে জয়হীন থাকার চাপ। এমনকি ঘরের মাঠে নিজেদের সমর্থকদের একাংশ শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করে স্লোগান দেন এমবাপ্পে ও ভিনির উদ্দেশে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের সামলে নেয় লস ব্লাঙ্কোসরা।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে হিমশিম খাচ্ছিল রিয়াল। আলাভেসও পালটা আক্রমণে কয়েকবার তাদের রক্ষণকে চাপে ফেলে। তবে ৩০ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এমবাপ্পে। বক্সের বাইরে থেকে জোরালো শট নেন তিনি। যা প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। এই গোলের মাধ্যমে চলতি মরসুমে লা লিগায় নিজের ২৪তম গোলটি করেন ফরাসি তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ৫০ মিনিটে বক্সের বাইরে ভালভার্দের নিখুঁত পাস থেকে দুর্দান্ত এক শটে গোল করেন ভিনিসিয়াস। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া শট আলাভেসের গোলকিপারের নাগালের বাইরে চলে যায়। গোলের পর ভিনির আবেগঘন উদযাপন যেন সমর্থকদের সমালোচনার জবাবই হয়ে ওঠে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ মূলত রিয়ালের হাতেই ছিল। এমবাপ্পে আরও কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। অন্যদিকে, আলাভেস শেষ দিকে আক্রমণের তীব্রতা বাড়ায়। যোগ করা সময়েরটনি মার্টিনেজ একটি গোল শোধ করেন। তবে তা কেবল ব্যবধান কমানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। ২–১ ব্যবধানেই জয় নিশ্চিত করে রিয়াল। এদিন জয়ের ফলে ৩২ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৩। লিগ টেবিলে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে বার্সেলোনা। ফলে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে রিয়ালকে নিজেদের বাকি সব ম্যাচ জিততে হবে, পাশাপাশি বার্সেলোনার পয়েন্ট হারানোর দিকেও তাকিয়ে থাকতে হবে। ম্যাচ শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়ার বলেন, ‘আমাদের সামনে এখন ছ’টি ম্যাচ রয়েছে। তিন দিনের মধ্যেই পরের ম্যাচ। লক্ষ্য একটাই, সবগুলো ম্যাচ জেতা। আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’ পাশাপাশি ভিনিসিয়াসের মানসিকতা নিয়ে কোচ বলেন , ‘কঠিন পরিস্থিতিগুলোতে ভিনি সবসময় বড়ো ছাপ রাখে। সে তাঁর দলের দায়িত্ব নিজ কাঁধে নেয়। মানসিকতা নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। সে লুকিয়ে থাকে না, সে সাহসী। একজন মাদ্রিদ ভক্ত সে, এই শার্ট ও ব্যাজের প্রতি তার আনুগত্য আছে।’

তিনি আরও বলেন, ‘ভক্তদের চাহিদা থাকেই। তারা তাদের খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা চায়। ভিনি সমর্থকদের ক্ষোভকে হাততালিতে পরিণত করেছে। আগেও সে এটা করেছে এবং এটাই গুরুত্বপূর্ণ।’ এবার নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও তিনি জানান, ‘নিজের ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবি না। রিয়াল মাদ্রিদের জন্য যা গুরুত্বপূর্ণ, সেটাকেই আমি গুরুত্ব দিই।’

উল্লেখ্য, এবছরের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে রিয়ালের দুঃস্বপ্নের শুরু। গত ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে রিয়ালকে। ফলে লা লিগাই এখন তাদের একমাত্র ভরসা। কিন্তু বার্সেলোনার ধারাবাহিক পারফরম্যান্সের কারণে সেই পথও সহজ নয়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper