Khabor Ekhon
মমতার ‘ভুল’ স্বীকার
২০২৬-এর মহাযুদ্ধের প্রাক্কালে দাঁড়িয়ে এক নজিরবিহীন রাজনৈতিক ‘স্বগতোক্তি’র সাক্ষী থাকল ব্যারাকপুর শিল্পাঞ্চল। মঙ্গলবার জগদ্দলের নির্বাচনী জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেবল বিরোধীদের আক্রমণই করলেন না, বরং নিজের রাজনৈতিক জীবনের এক বড় ‘ভুল’ স্বীকার করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিলেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শকে মান্যতা দিয়ে মমতা এদিন বুঝিয়ে দিলেন, সম্পর্কের মায়া কাটিয়ে এবার তিনি অনেক বেশি কঠোর ও আপসহীন হতে চলেছেন। জনৈক প্রাক্তন আইপিএস অফিসার তথা বর্তমান বিজেপি প্রার্থীকে নিশানা করে মমতার এই আক্রমণ আসলে ব্যারাকপুরের তপ্ত রাজনৈতিক জমিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।
জগদ্দলের মঞ্চে তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তোপ দাগেন বিজেপি প্রার্থী রাজেশ কুমারের বিরুদ্ধে। কলকাতার প্রাক্তন এই পুলিশ কমিশনারকে ‘গদ্দারের লোক’ বলে অভিহিত করে মমতা দাবি করেন, এই ব্যক্তিই নন্দীগ্রামে তাঁর ভোট দখল করার চেষ্টা করেছিলেন। অত্যন্ত ক্ষোভের সঙ্গে তৃণমূলনেত্রী জানান, এক সময় তিনি নিজেই ওই ব্যক্তিকে ‘দুধ-কলা দিয়ে পুষেছিলেন’, এমনকি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে গুরুত্বপূর্ণ দায়িত্বও দিয়েছিলেন। মমতার কথায়, “আমার অনেক ভুল আছে জানেন তো! ওকে পলিউশন কন্ট্রোল বোর্ডে পাঠিয়েছিলাম, কিন্তু ও সেটাকেই পলিউট করে দিয়ে গিয়েছে। ও আমার কাছে টিকিট চেয়েছিল, কিন্তু আমি দিইনি। চোর-ডাকাতদের আমি টিকিট দিই না।” এই প্রসঙ্গেই উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। মমতা অকপটে স্বীকার করেন, অভিষেক তাঁকে প্রায়শই সতর্ক করেন। তাঁর কথায়, “আমাকে অভিষেক মাঝে মাঝে বলে, ‘তুমি একটু কঠোর হতে পারো না? তুমি এত দুর্বল হও কেন?’ ও ঠিকই বলে। আমার উচিত ছিল ওকে সে দিনই জেলে পুরে দেওয়া। কিন্তু আমি সুযোগ দিয়েছিলাম, আর ও সেই সুযোগের দুর্ব্যবহার করেছে।”
মমতার এই বক্তব্য আসলে তাঁর দলের অভ্যন্তরে এক বড়সড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত। এতদিন যে ‘মমতাসুলভ মানবিকতা’ নিয়ে দলের অন্দরে ও বাইরে বিতর্ক চলত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘কঠোর হওয়া’র দাওয়াই গ্রহণ করে নেত্রী সম্ভবত সেই পথেই হাঁটতে চলেছেন। ব্যারাকপুর কমিশনারেটের প্রসঙ্গ তুলে তিনি বর্তমান পুলিশ আধিকারিকদেরও কড়া বার্তা দিয়েছেন। মমতার সাফ কথা, যে কমিশনারেট তিনি নিজে হাতে তৈরি করেছেন, সেখানকার চেয়ারে বসে কেউ যদি ‘বিজেপির দালালি’ করেন, তবে তা বরদাস্ত করা হবে না। সোমনাথ শ্যামকে গ্রেফতার করার কোনও চক্রান্ত যদি চলে, তবে ফল যে উল্টো হবে, সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “শ্যাম জেলে থাকলে আরও ডাবল ভোটে জিতবে।”
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বসতি’ মন্তব্যের পর মমতার এই ‘কালসাপ’ ও ‘দুধ-কলা’র উপমা ভোটবাজারের তাপমাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি সবিস্তারে ওই বিজেপি প্রার্থীর আর্থিক লেনদেনের হিসেব নিয়েও হুঁশিয়ারি দেন। দিল্লির ব্যাঙ্কে কত টাকা আছে বা বিভিন্ন শিল্প সংস্থা থেকে কত টাকা নেওয়া হয়েছে, তার সব হিসেব যে তাঁর কাছে ‘কড়ায় গণ্ডায়’ আছে, তা স্পষ্ট করে দেন নেত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতার এই ‘ভুল’ স্বীকার আসলে দলীয় কর্মীদের কাছে এক আবেগঘন বার্তা—যেখানে তিনি নিজেকে একজন প্রতারিত অভিভাবক হিসেবে তুলে ধরে মানুষের সমর্থন চাইছেন। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব যে দলের নীতি নির্ধারণে উত্তরোত্তর বাড়ছে, মমতার এই স্বীকারোক্তি তারই অকাট্য প্রমাণ। ব্যারাকপুরের শিল্পাঞ্চলে আজ মমতার এই কণ্ঠস্বর কেবল একটি প্রচার সভার বক্তৃতা নয়, বরং ২০২৬-এর লড়াইয়ের জন্য রণকৌশলের এক নয়া রূপরেখা হিসেবেই দেখা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

