AB Live News
ডিজিটাল অ্যারেস্ট’ চক্রে প্রাক্তন ব্যাঙ্ক কর্তা-সহ গ্রেফতার ৩
দেশে ক্রমাগত বাড়তে থাকা সাইবার অপরাধ ও ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর জালে এবার ধরা পড়ল খোদ এক প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক। শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের পাঁচটি ভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এক ব্যাঙ্ক কর্তা-সহ তিনজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ধৃতদের বিরুদ্ধে জনৈক এক প্রবীণ নাগরিককে ভয় দেখিয়ে ১.৬ কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
সিবিআই সূত্রে জানানো হয়েছে, ধৃতদের মধ্যে দুব্বাকা মহেশ নামে এক ব্যক্তি রয়েছেন, যিনি ইন্ডাসইন্ড ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বাকি দুই ধৃতের নাম রাজেশ কান্না এবং ভায়লা শ্রীনিবাস। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। তদন্তে জানা গিয়েছে, জালিয়াতির টাকা লেনদেনের জন্য একটি ভুয়া কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেই অ্যাকাউন্ট খোলার নেপথ্যে সরাসরি মদত দেওয়ার অভিযোগ উঠেছে ধৃত ওই ব্যাঙ্ক আধিকারিকের বিরুদ্ধে।
তদন্তকারী আধিকারিকদের দাবি, রাজেশ ও শ্রীনিবাস মূলত জালিয়াতির টাকা ঘুরপথে সরাতে ‘মিউল অ্যাকাউন্ট’ বা ভাড়া করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবস্থা করত। প্রবীণ ওই ব্যক্তিকে ডিজিটাল অ্যারেস্ট বা ভার্চুয়াল বন্দি করার ভয় দেখিয়ে দফায় দফায় টাকা হস্তগত করে চক্রটি। এরপর সেই টাকা বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে স্তরে স্তরে সরিয়ে ফেলা হতো যাতে তা সহজে ধরা না পড়ে।
সম্প্রতি এই ধরনের অপরাধের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। কয়েকদিন আগেই সগ্নিক রায় নামে শিলিগুড়ির এক ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেই ঘটনায় দক্ষিণ দিল্লির এক বৃদ্ধের কাছ থেকে প্রায় ২৩ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোদ ব্যাঙ্ক আধিকারিকের গ্রেফতারিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ২০২৫ সালের আগস্ট মাস থেকে শুরু হওয়া এই চক্রটি মুম্বই পুলিশ, সিবিআই এবং ইডি আধিকারিক সেজে ভয় দেখিয়ে কয়েক মাসের ব্যবধানে কোটি কোটি টাকা লুঠ করে আসছিল। সিবিআই জানিয়েছে, এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান জারি থাকবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

