Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

এই জয় আমার, জয় সিপিএমের’, মুখ্যমন্ত্রীকে ব্রাত্য করে গর্জে উঠলেন মোস্তারি

0 693,217,104

 ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের কৃতিত্ব কার? এই নিয়ে এখন তুঙ্গে রাজনৈতিক তরজা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই জয়কে নিজের জয় বলে দাবি করছেন, ঠিক তখনই পাল্টা গর্জে উঠলেন মামলার অন্যতম মূল আবেদনকারী মুর্শিদাবাদের মোস্তারি বানু। শুক্রবার হাতে রায়ের কপি নিয়ে এক ভিডিও বার্তায় তিনি সাফ জানালেন, “এই জয় মোস্তারি বানুর জয়, এই জয় সিপিআইএমের জয়। মুখ্যমন্ত্রী এখানে সম্পূর্ণ ব্রাত্য এবং তিনি মিথ্যে দাবি করছেন।”

মুর্শিদাবাদের ভগবানগোলার বাসিন্দা মোস্তারি এলাকায় সক্রিয় সিপিএম কর্মী হিসেবে পরিচিত। তাঁর স্বামী কামাল হোসেনও দলের পরিযায়ী শ্রমিক সংগঠনের নেতা। সিপিএমের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং সাধারণ মানুষের হয়রানি রুখতে মোস্তারিই প্রথম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এদিন মোস্তারি দাবি করেন, আইনি লড়াইয়ের প্রতিটি পদক্ষেপে তাঁর দল সিপিআইএম তাঁকে সব রকম সহযোগিতা করেছে। এমনকি শুনানির সময় তিনি নিজে দিল্লিতে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর পাল্টায় তাঁর প্রশ্ন, “সুপ্রিম কোর্টের নির্দেশের কপিতে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। সেখানে স্পষ্ট লেখা আছে মোস্তারি বানু বনাম নির্বাচন কমিশন। তাহলে মুখ্যমন্ত্রী কোন ভিত্তিতে একে নিজের জয় বলছেন?”

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায়ে জানায়, ভোট গ্রহণের দু’দিন আগে পর্যন্ত ট্রাইব্যুনাল যে সকল বিবেচনাধীন ভোটারের আবেদন নিষ্পত্তি করবে, তাঁরা ভোট দিতে পারবেন। শীর্ষ আদালত সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে এই ন্যায় নিশ্চিত করেছে। এই রায় আসার পরেই উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, তিনি নিজে এই বিষয়ে মামলা করেছিলেন এবং আদালতের নির্দেশে তিনি অত্যন্ত খুশি।

পাল্টা যুক্তিতে সিপিএম নেতৃত্ব অভিযোগ তুলেছেন, তৃণমূল নেত্রী অন্যের পরিশ্রমের ফসল নিজের ঘরে তোলার চেষ্টা করছেন। মোস্তারির দাবি, এই লড়াই ছিল সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই, যা তাঁর দল লড়েছে। তবে জয় এলেও কিছুটা আক্ষেপের সুর শোনা গিয়েছে তাঁর গলায়। মোস্তারি মনে করেন, এই নির্দেশ যদি আরও আগে আসত, তবে কয়েক লক্ষ সাধারণ ভোটার অনেক বেশি উপকৃত হতেন এবং ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে তাঁদের অনিশ্চয়তা কাটত। ভোটের মুখে এই কৃতিত্ব নেওয়ার লড়াইয়ে শেষ পর্যন্ত কার পাল্লা ভারী থাকে, এখন সেটাই দেখার।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper