Khabor Ekhon
শাহের মুখে ‘আলীরাজপুর’, নামবিভ্রাটে বিঁধল ঘাসফুল
বিধানসভা নির্বাচনের পারদ চড়ছে উত্তরবঙ্গে। ঠিক তার আগেই আলিপুরদুয়ারের ফালাকাটায় প্রচারে এসে ফের নামবিভ্রাটের গেরোয় পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার ফালাকাটার মিলরোডের মাঠে আয়োজিত জনসভার শুরুতেই ‘আলিপুরদুয়ার’ বলতে গিয়ে তাঁর মুখে শোনা গেল মধ্যপ্রদেশের ‘আলীরাজপুর’-এর নাম। শাহের এই ভুল উচ্চারণকে হাতিয়ার করেই এবার সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস।
এদিন সভার শুরুতেই উপস্থিত জনতার উদ্দেশে শাহ প্রশ্ন ছোঁড়েন, “আলীরাজপুর, ফালাকাটাবাসীর আওয়াজ এত কম কেন?” স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই ভিনরাজ্যের জেলার নাম শুনে মুহূর্তের জন্য থমকে যান উপস্থিত নেতা-কর্মীরা। যদিও কিছু সময় পর ভুল সংশোধন করে তিনি ‘আলিপুরদুয়ার’ উচ্চারণ করেন। তবে বিভ্রাট এখানেই থামেনি। মঞ্চে উপস্থিত স্থানীয় বিজেপি নেতাদের নাম ঘোষণা করার সময়েও বারবার হোঁচট খেতে দেখা যায় তাঁকে। ফালাকাটার বিজেপি নেতা গুণধর দাসের নাম বলতে গিয়ে শাহ তাঁকে ‘গুণসর দাস’ বলে সম্বোধন করেন। এছাড়া একাধিক বাঙালি নাম উচ্চারণে তাঁর আড়ষ্টতা নজর কেড়েছে রাজনৈতিক মহলের।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিভ্রান্তিকে ‘বাংলার সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতা’ হিসেবেই দেখছে শাসকদল। আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক ররাইক তীব্র কটাক্ষ করে বলেন, “যারা বাংলার মাটির মানুষের নাম ঠিক করে বলতে পারেন না, জেলার নাম জানেন না, তারা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছেন! এই ঘটনাই প্রমাণ করে যে বিজেপি বাংলার সংস্কৃতি ও ভূগোল কিছুই বোঝে না। এরা শুধুই বহিরাগত।”
পাল্টা যুক্তিতে বিজেপি শিবিরের দাবি, দীর্ঘক্ষণ ধরে একের পর এক সভা করার ধকলে সামান্য জিভ পিছলে যাওয়াকে বড় করে দেখাচ্ছে তৃণমূল। নামবিভ্রাট হলেও শাহ এদিন আলিপুরদুয়ারের একাধিক মন্দিরের নাম উল্লেখ করে হিন্দুত্বের আবেগে শান দিয়েছেন। তবে ২৩ এপ্রিল দোরগোড়ায় থাকা উত্তরবঙ্গের ভোটযুদ্ধের আগে শাহের এই ‘আলীরাজপুর’ মন্তব্যকে যে তৃণমূল সহজে ছাড়বে না, তা স্পষ্ট।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

