Khabor Ekhon
সাহস থাকলে রোজ তল্লাশি চালাক’, গাড়ি চেকিং বিতর্কে শাহ-মোদীকে তোপ মমতার
নির্বাচনী প্রচারে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার ও গাড়ি তল্লাশি নিয়ে রাজ্যে যখন রাজনৈতিক পারদ তুঙ্গে, ঠিক তখনই সেই বিতর্কে ঘি ঢাললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের জনসভা থেকে কেন্দ্রের শাসকদল ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, খোদ দমদম বিমানবন্দরে তাঁর গাড়িও আটকানোর ও তল্লাশি চালানোর চেষ্টা করেছে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনাকে ঘিরে এদিন কার্যত যুদ্ধংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে।
ইসলামপুরের সভা থেকে বিস্ফোরক অভিযোগ তুলে মমতা বলেন, “আজ যখন আমি দমদম বিমানবন্দরে ছিলাম, তখন আমার গাড়ির কাছেও কেন্দ্রীয় বাহিনী এসেছিল। আমি পিছুপা হইনি। আমি স্পষ্ট বলেছি—সাহস থাকে তো চেক করো, আমি চাই তোমরা চেক করো।” এরপরই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি গর্জে ওঠেন, “তৃণমূলের সব নেতার গাড়ি আর হেলিকপ্টারে তল্লাশি হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গাড়িতে কেন তল্লাশি হবে না? আইন কি সবার জন্য সমান নয়?” তাঁর সাফ কথা, নিয়ম যদি মানতেই হয়, তবে বিজেপি নেতাদের ক্ষেত্রে কেন শিথিলতা দেখানো হচ্ছে?
বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী আরও একধাপ এগিয়ে দাবি করেন, কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা কবচ ব্যবহার করেই রাজ্যে বিপুল পরিমাণ টাকা ঢুকছে। তাঁর কথায়, “সেন্ট্রাল ফোর্সের গাড়িতে করে কী কী আসছে, সব খবর আমি জানি। কেন্দ্রীয় নেতাদের গাড়িতে করেই টাকা আসে।” নিজেকে স্বচ্ছ দাবি করে তিনি বলেন, “আমি সরকারের থেকে এক পয়সা বেতন নিই না, পেনশন নিই না। বিজেপির মতো আমি চোর বা ডাকাত নই, আমি মানুষের জন্য রাজনীতি করি। যদি সাহস থাকে, তবে প্রতিদিন আমার গাড়িতে তল্লাশি চালানো হোক, আমার তাতে কোনো আপত্তি নেই।”
ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা এবং তল্লাশি অভিযানকে বিজেপি-র ‘ভয় দেখানোর রাজনীতি’ হিসেবেই দেখছেন মমতা। তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলের ধারণা, প্রচারের ময়দানে তৃণমূল বনাম বিজেপি সংঘাত এবার আরও চরমে পৌঁছাবে। একদিকে কমিশন যখন নিয়ম রক্ষায় অনড়, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই তল্লাশি ইস্যুকে হাতিয়ার করে জনমানবে ‘বঞ্চনা’ ও ‘পক্ষপাতিত্বের’ তত্ত্ব সাজিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

