Khabor Ekhon
ঋতব্রতকে বিরোধী নেতা কেন, স্পিকারের কাছে জবাব চাইল হাইকোর্ট
শ্রীতমা ব্যানার্জী :পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে রাজনৈতিক বিতর্ক এবার নতুন মাত্রা পেল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ঠিক কী পদ্ধতি অনুসরণ করেছিলেন বিধানসভার স্পিকার, তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার শুনানিতে স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণ রাও।প্রাথমিকভাবে বিরোধী দলনেতা পদে তৃণমূলের প্রবীণ বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনীত করা হয়েছিল। কিন্তু দলের মধ্যে ভাঙন এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শোভনদেব। শুনানিতে শোভনদেবের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পিকারের ভূমিকা নিয়ে সরব হন। তাঁর বক্তব্য, গত ৯ মে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেবের নাম প্রস্তাব করে স্পিকারের কাছে চিঠি পাঠানো হয়েছিল। অথচ সেই প্রস্তাবের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার সুযোগে বিরোধী গোষ্ঠী নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করার সময় পেয়েছে বলে অভিযোগ করেন তিনি। আইনজীবী আরও জানান,১৫ মে শপথগ্রহণের পর বিধানসভায় নিজের স্বাগত ভাষণে স্পিকার নিজেই শোভনদেবকে বিরোধী দলনেতা হিসেবে অভ্যর্থনা জানিয়েছিলেন। বিধানসভার কার্যবিবরণীতেও তার প্রমাণ রয়েছে বলে আদালতে দাবি করা হয়। বিচারপতি কৃষ্ণ রাও মামলাটিকে শুধু রাজনৈতিক বিরোধ হিসেবে দেখতে নারাজ। তাঁর পর্যবেক্ষণে উঠে আসে সাংবিধানিক নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক নৈতিকতার প্রশ্ন। আদালতের বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থার মর্যাদা রক্ষায় সাংবিধানিক নীতিগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ নভেম্বর ধার্য করেছে আদালত। ফলে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাত এবং বিধানসভার স্পিকারের সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে বিতর্ক আপাতত জারি থাকছে।বিরোধী দলনেতার পদ নিয়ে লড়াই এখন আর শুধু সংখ্যার অঙ্কে সীমাবদ্ধ নেই, স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং সাংবিধানিক নিরপেক্ষতার প্রশ্নও আদালতের বিচারাধীন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

