Khabor Ekhon
পোষ্য হত্যা কাণ্ডে নয়া মোড়, অভিযুক্তের অপরাধের দীর্ঘ ইতিহাস
নিরুপমা বসু :কলকাতার বিক্রমগড়ে দুই পোষ্য কুকুরকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্যের অতীত অপরাধের ইতিহাস রয়েছে। শুধু পশু নির্যাতন নয়, মহিলাদের উপর হামলা, শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার মতো একাধিক অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদবপুর এলাকায় এর আগেও মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল সঞ্জীবের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা হয়েছিল বলেও জানা যাচ্ছে। বিক্রমগড়ের ভাড়া বাড়িতে দুই পোষ্য কুকুরকে হত্যার ঘটনার দিন উদ্ধারকারীদের সঙ্গেও দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। পুলিশ সূত্রের খবর, ঘটনার দিনই লিভ-ইন সঙ্গিনী তথা ডিজে পারিনোভার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয়েছিল সঞ্জীবের। অভিযোগ, সেই রাগ ও আক্রোশ থেকেই পারিনোভার দুই পোষ্য কুকুরকে হত্যা করেন তিনি। শুধু তাই নয়, আরও তিনটি কুকুরকে হত্যার পরিকল্পনাও ছিল তাঁর বলে তদন্তে জানা গিয়েছে।শনিবার রাতে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারীরা। বিষয়টি সামনে আসার পর অভিনেত্রী তথা পশুপ্রেমী দেবলীনা দত্ত হস্তক্ষেপ করেন। পাশাপাশি পশু উদ্ধারকারীরা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছেও প্রশাসনিক সাহায্য চান। এরপরই যাদবপুর থানার পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তকে গ্রেফতার করে।ইতিমধ্যে দুই কুকুরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে সেই রিপোর্ট এখনও পুলিশের হাতে আসেনি। আলিপুর আদালত অভিযুক্তকে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।আদালতে সরকারি আইনজীবী অভিযুক্তের মানসিক অবস্থা পরীক্ষা করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। কেন এমন নৃশংস ঘটনা ঘটল এবং এর পিছনে প্রকৃত উদ্দেশ্য কী, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।দুই নিরীহ প্রাণীর হত্যাকাণ্ড ঘিরে কলকাতায় ক্ষোভ ক্রমশ বাড়ছে। তদন্তে অভিযুক্তের অতীত অপরাধের অভিযোগ সামনে আসায় ঘটনাটি আরও গুরুতর মাত্রা পেয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

