Khabor Ekhon
পাণ্ডবেশ্বরে অস্ত্র-সহ ধৃত ১০, তদন্তে জামতাড়া যোগ
শ্রীতমা ব্যানার্জী পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে রাতের অন্ধকারে পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার হল ১০ জন। ধৃতদের সঙ্গে ঝাড়খণ্ডের জামতাড়ার কোনও অপরাধচক্রের যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে পাণ্ডবেশ্বর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে, পাণ্ডবেশ্বর থানা এলাকার একটি জায়গায় কয়েকজন সন্দেহজনক ব্যক্তি জড়ো হয়েছে। সেই খবরের ভিত্তিতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ অভিযান চালায়। অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, সাইকেলের চেন এবং একটি বেসবল ব্যাট উদ্ধার হয়েছে।ধৃতদের মধ্যে ছ’জন পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত ডিভিসি এলাকার বাসিন্দা। তাঁরা হলেন বিনোদ বেদ, সুন্দর যাদব, শেখ ফারহান, তাপস বেদ, পবন চৌহান এবং কবিরাজ বেদ। এছাড়া ঝাড়খণ্ডের জামতাড়া জেলার মিহিজাম এলাকার বাসিন্দা সন্তোষ পাশি, দেব কুমার এবং মানা পাশিকে গ্রেপ্তার করা হয়েছে। দশম অভিযুক্ত সাদ্দাম খান জামুড়িয়ার হোসেন নগরের বাসিন্দা।আপাতত পুলিশের প্রধান লক্ষ্য ধৃতদের অপরাধমূলক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। এই জমায়েতের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য সামগ্রী কোন কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট নয়। কোনও আন্তঃরাজ্য অপরাধচক্রের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (ইস্ট) রসপ্রীত সিং জানিয়েছেন, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল।ধৃত ১০ জনকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।জামতাড়া যোগের সম্ভাবনা ঘিরে তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। তবে ধৃতদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সম্ভাব্য অপরাধচক্রের সঙ্গে যোগাযোগের বিষয়টি এখনও তদন্তাধীন। পুলিশের তদন্তেই পরিষ্কার হবে, এই জমায়েতের নেপথ্যে ঠিক কী পরিকল্পনা ছিল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

