Khabor Ekhon
কাশ্মীরে ফের জঙ্গি হামলা, কুলগামে সিআরপিএফের উপর গুলিবৃষ্টি, আহত ৩ জওয়ান
শ্রীতমা ব্যানার্জী :জম্মু-কাশ্মীরে ফের নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে জঙ্গি হামলার ঘটনা। বুধবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সিআরপিএফের একটি টহলদারি দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। এই হামলায় তিন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন বলে প্রাথমিক খবর।ঘটনাটি ঘটে কুলগাম জেলার একটি নাকা চেকিং পয়েন্টে। জানা গিয়েছে, বুধবার দুপুর প্রায় ২টো ১৫ মিনিট নাগাদ মোটরবাইকে করে আসা কয়েকজন বন্দুকবাজ নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আচমকা এই হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলি চালিয়েই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের চিকিৎসা চলছে। তবে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। হামলাকারীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জঙ্গিরা কোন পথে পালিয়েছে এবং এই হামলার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।উল্লেখ্য, দক্ষিণ কাশ্মীরের কুলগাম দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর এলাকা। ফলে দিনের আলোয় নিরাপত্তাবাহিনীর উপর এই হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। হামলাকারীদের সন্ধানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।তবে এই হামলার পিছনে কোন জঙ্গি সংগঠনের হাত রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর প্রশাসনের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

