Khabor Ekhon
ঠাকুমা কাকাকে চোর বলা হচ্ছে কেন?’ প্রশ্ন রাহুলের
রাজনন্দিনী ঘোষ :রাজনীতির ময়দানে ক্ষমতার পালাবদল যে শুধু নেতাদের জীবনেই প্রভাব ফেলে না, তার ছাপ পড়ে পরিবারের ছোটদের জীবনেও। বিশেষ করে শিশুদের মনে সেই প্রভাব কতটা গভীর হতে পারে, তারই এক আবেগঘন স্মৃতি সামনে এনেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। নিজের নতুন আত্মজীবনী বেলোঙ্গিং : এ জার্নি অফ লভ তিনি তুলে ধরেছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর ছোটবেলার কিছু অজানা অভিজ্ঞতা।ঘটনাটি ১৯৭৭ সালের। তখন রাহুল গান্ধীর বয়স মাত্র সাত বছর। সদ্য লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধী। দেশে জরুরি অবস্থার অবসান হয়েছে। রাজনৈতিক পরিস্থিতিও তখন যথেষ্ট উত্তপ্ত।সোনিয়া গান্ধীর স্মৃতিচারণ অনুযায়ী, সেই বছর ১৯ জুন ছিল রাহুলের জন্মদিন। ছেলের জন্মদিন উপলক্ষে বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। ঘর সাজানো হয়েছিল বেলুন দিয়ে। তৈরি হয়েছিল বাড়ির তৈরি কেক, রাখা হয়েছিল খাবারদাবার। দিদি প্রিয়াঙ্কাও ভাইয়ের জন্মদিনের প্রস্তুতিতে মাকে সাহায্য করেছিল।কিন্তু আনন্দের সেই আয়োজন শেষ পর্যন্ত বিষাদে পরিণত হয়। রাহুলের আমন্ত্রিত বন্ধুদের মধ্যে মাত্র একজন, সিদ্ধার্থ, জন্মদিনের অনুষ্ঠানে এসেছিল। বাকিরা কেউ আসেনি। বিষয়টি বুঝতে না পেরে সোনিয়া একের পর এক অভিভাবককে ফোন করেন। কিন্তু তাঁদের কথাবার্তায় অস্বস্তি ও এড়িয়ে যাওয়ার প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে।সোনিয়ার উপলব্ধি হয়েছিল, রাজনৈতিক পরিস্থিতির প্রভাব এবার শিশুদের বন্ধুত্বের সম্পর্কেও এসে পড়েছে। বন্ধুরা কেন আসেনি, তা বুঝতে না পেরে মন খারাপ হয়ে যায় ছোট্ট রাহুলের।ছেলেকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন বাবা রাজীব গান্ধী। তিনি রাহুলকে বোঝান, বন্ধুদের দোষ নেই। হয়তো তাদের বাবা-মায়েরা গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক রাখতে ভয় পাচ্ছেন। কারণ, তখন অনেকেই সরকারকে ভয় পাচ্ছিলেন।শুধু জন্মদিনের অনুষ্ঠানেই নয়, স্কুলেও রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছিল রাহুল ও প্রিয়াঙ্কার উপর। সহপাঠীদের কাছ থেকে নানা কটূক্তি শুনতে হত তাঁদের। বাড়ি ফিরে মাকে প্রশ্ন করতেন দুই ভাইবোন, “সবাই ঠাকুমা আর কাকাকে চোর বলছে কেন? ওঁরা কি জেলে যাবেন? ওঁরা কি কোনও খারাপ কাজ করেছেন?”সোনিয়া জানিয়েছেন, সন্তানদের শান্ত করার চেষ্টা করতেন তিনি। বোঝাতেন, অনেকেই তাঁদের পরিবারের বিরোধিতা করছেন, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই।বইয়ে প্রিয়াঙ্কার ছোটবেলার একটি ঘটনাও তুলে ধরেছেন সোনিয়া। একদিন স্কুল থেকে খবর আসে, প্রিয়াঙ্কা কাঁদছে। স্কুলে গিয়ে তিনি জানতে পারেন, এক সহপাঠী তাঁর মেয়েকে খারাপ কথা বলেছে। সোনিয়া প্রতিবাদ করতে চাইলেও মাত্র পাঁচ বছরের প্রিয়াঙ্কা তাঁকে থামিয়ে দেয়। কারণ, শিক্ষক ইতিমধ্যেই ওই ছেলেটিকে বকেছেন। মেয়ের এই ক্ষমাশীল মনোভাব তাঁকে আবেগাপ্লুত করেছিল।উল্লেখ্য, ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ১৯৭৭ সালের মার্চে লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধী ও তাঁর ছেলে সঞ্জয় গান্ধী পরাজিত হন। সেই নির্বাচনের পরই জরুরি অবস্থার অবসান ঘটে।সোনিয়ার আত্মজীবনীর এই স্মৃতিচারণ আসলে ক্ষমতার রাজনীতির বাইরের এক অন্য ছবি তুলে ধরে। যেখানে রাজনৈতিক লড়াইয়ের অভিঘাত সামলাতে হয়েছিল পরিবারের ছোট্ট শিশুদেরও।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

