Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পুলিশের গুলিতে ধর্ষণ-খুনে অভিযুক্তের মৃত্যু, বাংলায় চতুর্থ এনকাউন্টার

0 66,348

শ্রীতমা ব্যানার্জী :পশ্চিমবঙ্গে ফের পুলিশের গুলিতে মৃত্যু হল ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত এক ব্যক্তির। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দিলীপ রায়ের। ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। রবিবার গভীর রাতে পুলিশের অভিযানের সময় এই ঘটনা ঘটে। সোমবার পুলিশ সূত্রে এই খবর জানানো হয়েছে।পুলিশের দাবি, অভিযুক্তকে ধরতে গত চার দিন ধরে তল্লাশি চালানো হচ্ছিল। রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে, গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় আত্মগোপন করে রয়েছে দিলীপ। সেই খবরের ভিত্তিতেই সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেয়ে দিলীপ গুলি চালায়। একটি গুলি পুলিশের গাড়ির টায়ারে লাগে। পাল্টা জবাব দেয় পুলিশও। পুলিশের গুলিতে গুরুতর জখম হয় অভিযুক্ত। তড়িঘড়ি তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

তিন দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হয় নাবালিকার দেহ

পরিবারের দাবি, গত ৩ নভেম্বর দুপুরে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ১২ বছরের ওই নাবালিকা। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের দু’দিন পর, শুক্রবার কুলিক নদীর কাছে একটি জঙ্গল থেকে উদ্ধার হয় তার পচাগলা ও বিবস্ত্র দেহ। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে দিলীপ রায়ের খোঁজ শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের অভিযানে তার মৃত্যু হল।

বিজেপি সরকার আসার পর বাংলায় চতুর্থ এনকাউন্টার

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনা এই নিয়ে চতুর্থবার। এর আগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। পুলিশের দাবি ছিল, ঘটনার পুনর্নির্মাণের সময় সে এক পুলিশকর্মীর অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করে।এরপর উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত প্রহ্লাদ দাস পুলিশের গুলিতে মারা যায়। অন্যদিকে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের মামলায় অভিযুক্ত সামাউল হকেরও মৃত্যু হয় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে।

কী বললেন মন্ত্রী দিলীপ ঘোষ?

রায়গঞ্জের ঘটনার পর রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আইন ভাঙলে পুলিশের মুখোমুখি হতে হবে। তাঁর বক্তব্য, কেউ আইন নিজের হাতে তুলে নিলে বা আইন লঙ্ঘন করলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করতে বাধ্য হতে পারে। এমন পরিস্থিতি তৈরি না করে প্রত্যেকেরই আইন মেনে চলা উচিত।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper