Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারটি বিশ্বরেকর্ডের হাতছানি রোহিত শর্মার, ইতিহাস গড়ার অপেক্ষায় হিটম্যান

0 66,567

শুভজিৎ বসু :ভারতীয় ক্রিকেটের মঞ্চে রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত করেছেন রোহিত শর্মা। ব্যাট হাতে একের পর এক নজির তৈরি করেছেন তিনি। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজেও নতুন ইতিহাস লেখার সুযোগ রয়েছে ভারতীয় দলের এই তারকা ওপেনারের সামনে। চারটি গুরুত্বপূর্ণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন হিটম্যান। ফলে তাঁর ব্যাটের দিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

একনজরে দেখে নেওয়া যাক কোন চারটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত

১. একদিনের ক্রিকেটে ৪০০ ছক্কার নজির

ওয়ানডে ক্রিকেটে ইতিমধ্যেই সর্বাধিক ছক্কা মারার রেকর্ড রয়েছে রোহিত শর্মার দখলে। তাঁর ঝুলিতে রয়েছে ৩৮১টি ছক্কা। আর ১৯টি ছক্কা মারতে পারলেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ ছক্কার মাইলফলক স্পর্শ করবেন তিনি। এই নজির গড়তে পারলে ক্রিকেটের ইতিহাসে আরও এক অনন্য অধ্যায় তৈরি হবে।

২. আন্তর্জাতিক ক্রিকেটে ২১ হাজার রান

তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের সংগ্রহ ২০,৬৫২ রান। ২১ হাজার রানের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আর ৩৪৮ রান। এই কৃতিত্ব অর্জন করতে পারলে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়ের পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়বেন তিনি।

৩. সেনা দেশগুলিতে ৫ হাজার রান

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া, ক্রিকেটের পরিভাষায় এই চার দেশকে একসঙ্গে সেনা বলা হয়। এই দেশগুলিতে ওপেনার হিসেবে রোহিতের রান ৪,৯৬৪। আর মাত্র ৩৬ রান করলেই এই দেশগুলিতে ৫ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ভারতীয় ওপেনার হিসেবে এই নজির গড়ার হাতছানি রয়েছে তাঁর সামনে।

৪. ওয়ানডেতে ১০০টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই ৯৮ বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন রোহিত। আর দু’বার পঞ্চাশোর্ধ্ব রান করতে পারলেই ওয়ানডে ক্রিকেটে ১০০টি এমন ইনিংসের মালিক হবেন তিনি। এই তালিকায় জায়গা করে নেওয়া নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের অন্যতম বড় সাফল্য হবে।সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রোহিত শর্মার কাছে একাধিক ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার সুযোগ তৈরি করেছে। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের প্রস্তুতির আবহে তাঁর পারফরম্যান্সও বিশেষ গুরুত্ব পেতে চলেছে। এখন দেখার, ব্যাট হাতে কতগুলি রেকর্ড নিজের নামে করতে পারেন ভারতের হিটম্যান।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper