Khabor Ekhon
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কুরুচিকর পোস্ট সিপিআইএমের
শিবনাথ দাস : সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগ উঠল সিপিআইএমের বিরুদ্ধে। দলের রাজ্য শাখার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে রাজ্যের সাংবিধানিক প্রধানের উদ্দেশে ব্যবহৃত অত্যন্ত অশালীন ও অপমানজনক ভাষার জেরে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। বিতর্ক সৃষ্টি হলেও দীর্ঘ সময় পর্যন্ত দলীয় পেজ থেকে ওই পোস্টটি সরানো হয়নি, যা আগুনে আরও ঘি ঢেলেছে। এই ঘটনায় রাজনৈতিক শালীনতা, রুচি ও সুস্থ সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে শাসক-বিরোধী সব পক্ষই।ঘটনার সূত্রপাত সম্প্রতি চিনা টুনি বাল্ব না কেনার বিষয়ে মুখ্যমন্ত্রীর এক আবেদনকে কেন্দ্র করে। সাধারণ মানুষকে দেশীয় পণ্য ব্যবহারের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে প্রকাশিত একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ছবি তুলে ধরে সিপিআইএমের ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। সেখানে মুখ্যমন্ত্রীকে একবচনে আক্রমণ করে অত্যন্ত অশালীন বাক্য প্রয়োগ করা হয়। বিষয়টি নজরে আসতেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। রাজনৈতিক মহলের বক্তব্য, অতীতে বামপন্থীদের ভাষা ও সংস্কৃতি নিয়ে নানা আলোচনা থাকলেও দলের অফিশিয়াল মঞ্চ থেকে এমন ভাষা অতীতে কদাচিৎ দেখা গিয়েছে।এই চরম অস্বস্তিকর পরিস্থিতিতে সিপিআইএমের অন্দরেও স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। ডোমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা প্রকাশ্যে দলের পেজের এই আচরণের তীব্র নিন্দা করেছেন। তিনি সাফ জানিয়েছেন, এমন ভাষা দলের কাছ থেকে কখনওই কাঙ্খিত নয়। রাজনীতিতে শালীনতা ও সৌজন্য বজায় রাখা আবশ্যক এবং কোনও উন্মুক্ত মাধ্যমে রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে এমন মন্তব্য বরদাস্ত করা যায় না। যদিও দলের তরুণ নেতা কলতান দাশগুপ্ত এই বক্তব্যের সরাসরি সমালোচনা না করে কেন্দ্রীয় মন্ত্রীদের অতীতের আক্রমণের প্রসঙ্গ টেনে পাল্টা সাফাই দেওয়ার চেষ্টা করেছেন। ফলে বিষয়টি নিয়ে দলের অন্তর্দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠেছে।সিপিআইএমের এই পোস্টের কড়া সমালোচনা করেছে রাজ্য সরকার। রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সিপিআইএমের আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক অস্তিত্ব সঙ্কটে পড়েই বামেরা এখন এমন ভাষা প্রয়োগের পথ বেছে নিয়েছে। দলের আদর্শের দাবি যে ফাঁকা বুলি, তা সাধারণ মানুষের কাছে প্রমাণ হয়ে গেল। অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষও এই পোস্টের সমালোচনা করে জানিয়েছেন, এমন ভাষা প্রয়োগের ফলে মূল রাজনৈতিক বক্তব্যই গুরুত্বহীন হয়ে পড়েছে। শালীন ভাষা ব্যবহার করে যে কোনও রাজনৈতিক মতভেদ প্রকাশ করা যেত, কিন্তু কুরুচিকর শব্দ ব্যবহার করে শালীনতার গণ্ডি পার করা মোটেই সমীচীন নয়। সব মিলিয়ে, সিপিআইএমের সোশ্যাল মিডিয়ার বিতর্কিত পদক্ষেপ ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক তুঙ্গে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

