Khabor Ekhon
কোহলি-রোহিতের ফিল্ডিংয়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব, অসাধারণ ক্যাচ আর দুরন্ত রান আউটের নেপথ্যে কোন রহস্য?
সঞ্জয় মিত্র : ক্রিকেট মাঠে বয়স যে নিছকই একটা সংখ্যা, আরও একবার তার প্রমাণ দিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ব্যাট হাতে নয়, ফিল্ডিংয়েও নজর কেড়েছেন ভারতের দুই অভিজ্ঞ তারকা। বিরাটের অবিশ্বাস্য ক্যাচ এবং রোহিতের ক্ষিপ্রতায় ড্যারিল মিচেলের রান আউট, দুই মুহূর্তেই বদলে গিয়েছিল ম্যাচের ছবিটা। এবার তাঁদের এই অসাধারণ ফিল্ডিংয়ের নেপথ্যের রহস্য সামনে আনলেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ।কোহলি ও রোহিতের এই দক্ষতার পিছনে শুধুমাত্র শারীরিক সক্ষমতা নয়, রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা, পরিস্থিতি বোঝার ক্ষমতা এবং বলের গতিপথ আগাম আঁচ করার দক্ষতা। শুভদীপের মতে, ফিল্ডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যান্টিসিপেশন বা আগাম অনুমান করার ক্ষমতা।কোহলির প্রসঙ্গে ফিল্ডিং কোচের ব্যাখ্যা, কভার ও পয়েন্ট অঞ্চলে অসংখ্যবার ফিল্ডিং করার অভিজ্ঞতা রয়েছে বিরাটের। ফলে ব্যাটে বল লাগার পর সেটি কোন দিকে যেতে পারে, বলের গতিপথ কেমন হতে পারে, তা অন্যদের তুলনায় অনেক দ্রুত বুঝতে পারেন তিনি। পরিস্থিতি আগেভাগে পড়ে নেওয়ার এই ক্ষমতাই তাঁকে কঠিন ক্যাচও সহজে নিতে সাহায্য করে।অন্যদিকে, রোহিতের রান আউটের পিছনেও ছিল অসাধারণ উপস্থিত বুদ্ধি। শুভদীপ জানিয়েছেন, বলটি স্কোয়ার লেগের দিকে যেতে পারে, তা আগেই আঁচ করেছিলেন রোহিত। তাই তিনি সোজা এগিয়ে না গিয়ে সামান্য স্কোয়ার লেগের দিকে নিজের অবস্থান বদলান। সেই আগাম অনুমানই তাঁকে নিখুঁতভাবে রান আউটটি সম্পন্ন করতে সাহায্য করে।শুধু অভিজ্ঞতা নয়, নিয়মিত অনুশীলনের উপরেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ। তাঁর মতে, ম্যাচের পরিস্থিতির কাছাকাছি পরিবেশ তৈরি করে অনুশীলন করানো হয় ক্রিকেটারদের। এর ফলে বলের গতিপথ বুঝে দ্রুত প্রতিক্রিয়া জানানোর অভ্যাস তৈরি হয়।বিদেশের মাঠে ফিল্ডিংয়ের চ্যালেঞ্জও কম নয়। মাঠের আয়তন, বাউন্ডারির অবস্থান, আবহাওয়া এবং পিচের পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে হয় ক্রিকেটারদের। বিশেষ করে ফিল্ডিংয়ের সময় প্রথম পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক দিকে প্রথম মুভমেন্ট করতে পারলে অনেক কম সময়ে বলের কাছে পৌঁছনো সম্ভব।প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১৮৫ রানে আটকে রাখতে বোলারদের পাশাপাশি ভারতীয় ফিল্ডারদের অবদানও ছিল উল্লেখযোগ্য। শেষ পর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে পাঁচ উইকেটে জয় পায় ভারত। সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।কোহলি-রোহিতের এই পারফরম্যান্স বুঝিয়ে দিল, আন্তর্জাতিক ক্রিকেটে শুধু প্রতিভা বা ফিটনেস নয়, অভিজ্ঞতা, মনোযোগ এবং মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

