Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পরকীয়ার সন্দেহে সংসারে ছুরি, দুধ আনতে ছেলেকে পাঠিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

0 34,302

রাজনন্দিনী ঘোষ : পাঞ্জাবের লুধিয়ানায় এক নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার মাত্র দু’দিনের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহ থেকেই এমন ভয়াবহ পরিণতি ঘটিয়েছেন অভিযুক্ত স্বামী।মৃতার নাম কমলদীপ কৌর (৪৯)। অভিযুক্ত স্বামী রবীন্দর সিং (৫০), পেশায় পিকআপ ভ্যান চালক। লুধিয়ানার বিকাশ নগর এলাকার পাকোয়াল রোডে তাঁদের বাড়িতেই শনিবার রাতে ঘটে এই ঘটনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দম্পতির ছোট ছেলে অস্ট্রেলিয়ায় থাকেন। তাঁকে দেখতেই স্বামী-স্ত্রী সেখানে গিয়েছিলেন। প্রায় চার মাস আগেই দেশে ফিরে এসেছিলেন কমলদীপ। অন্যদিকে, গত ২৯ অক্টোবর ভারতে ফেরেন রবীন্দর।ঘটনার দিন বাড়িতেই ছিলেন তাঁদের বড় ছেলে গগনদীপ সিং। অভিযোগ, সন্ধ্যায় ছেলেকে দুধ কিনে আনতে বাজারে পাঠান রবীন্দর। ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই স্ত্রীর উপর রান্নাঘরের ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন তিনি। পেটে ও গলায় একাধিকবার ছুরির আঘাত করা হয় বলে পুলিশের দাবি।বাজার থেকে ফিরে বাড়ির সামনে বাবাকে দ্রুত বেরিয়ে যেতে দেখেন গগনদীপ। কী হয়েছে জানতে চাইলে তাঁকে ঘরের ভিতরে গিয়ে দেখতে বলেন রবীন্দর। ঘরে ঢুকেই মাকে রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পড়ে থাকতে দেখেন ছেলে। প্রতিবেশীদের সাহায্যে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।তদন্তকারীদের দাবি, খুনের পর ব্যবহৃত ছুরিটি ধুয়ে রান্নাঘরে রেখে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত। পরে সেই ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।দুগরি থানার পুলিশ আধিকারিক গুরমুখ সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্তে স্ত্রীর প্রতি অবিশ্বাস ও পরকীয়ার সন্দেহকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। এমনকী, অভিযুক্ত দেশে ফেরার পর মাত্র দু’দিনের মধ্যেই এই ঘটনা ঘটায়, খুনের পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল কি না, সেই দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ইতিমধ্যেই রবীন্দর সিংকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।একটি পরিবারের চার দেওয়ালের মধ্যে জমে থাকা সন্দেহ যে কীভাবে প্রাণঘাতী হিংসায় পরিণত হতে পারে, লুধিয়ানার এই ঘটনা ফের সেই প্রশ্নই সামনে এনে দিল। তবে স্ত্রীর বিরুদ্ধে ওঠা সন্দেহের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper