Khabor Ekhon
মায়ের কাছে মদের টাকা চেয়ে না পেয়ে, শেষ পর্যন্ত মায়েরই প্রাণ কেড়ে নিল ছেলে
ওয়েব ডেস্ক : কেরলের কোচিতে মর্মান্তিক হত্যাকাণ্ড। মদের টাকা চাওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের জেরে নিজের মাকেই খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। পারিবারিক সম্পর্কের এমন ভয়াবহ পরিণতিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।নিহত বৃদ্ধার নাম লক্ষ্মী। বয়স ৭৮ বছর। অভিযুক্ত ছেলের নাম কান্নান। বয়স ৫২ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদ কেনার জন্য মায়ের কাছে প্রায়ই টাকা চাইত কান্নান। টাকা দিতে অস্বীকার করলেই মায়ের সঙ্গে অশান্তি শুরু করত সে। একাধিকবার মায়ের গায়ে হাত তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।শনিবার রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। মদ কেনার টাকা না পেয়ে মায়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে অভিযুক্ত। অভিযোগ, উত্তেজনার বশে বৃদ্ধা মাকে এলোপাথাড়ি মারধর করার পাশাপাশি লাথিও মারে সে। গুরুতর আঘাতের জেরে মৃত্যু হয় লক্ষ্মীর।শুধু মদের টাকাই নয়, বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডার ভাইকে দিয়ে দেওয়াতেও মায়ের উপর ক্ষুব্ধ ছিল কান্নান। সেই ক্ষোভও অশান্তির পিছনে কাজ করেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।ঘটনার খবর পেয়ে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে ছুটে আসেন। সেখানে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফোর্ট কোচি থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত ছেলেকে।পুলিশের তরফে জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় খুনের মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অভিযুক্তকে আদালতে পেশ করার প্রক্রিয়াও শুরু হয়েছে।এক মুঠো আশ্রয়, এক জীবনের মায়া, অথচ শেষ পর্যন্ত সেই মায়েরই প্রাণ গেল নিজের সন্তানের হাতে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

