Khabor Ekhon
রামলীলা ময়দানে প্রতিবাদ, দিল্লির বাজারে কেনাকাটা, রাহুলের এক ডাকেই দুই লক্ষ্য
রাজনন্দিনী ঘোষ : নয়াদিল্লি: রাজনীতির লড়াই চলুক রাজনীতির ময়দানে, কিন্তু তার আঁচ যেন কোনওভাবেই না পড়ে সাধারণ ব্যবসায়ীদের রুজি-রোজগারে। দিল্লিতে ইন্ডিয়া জোটের প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ব্যবসায়ীদের আশঙ্কার আবহে এমনই বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর স্পষ্ট আহ্বান, রবিবার রামলীলা ময়দানের সভায় যোগ দিতে যাঁরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসছেন, তাঁরা প্রতিবাদে অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় দোকানপাট থেকেও কেনাকাটা করুন।রবিবার, ১ নভেম্বর রামলীলা ময়দানে নির্বাচন সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামছে বিরোধী জোট। এই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা। তবে সেই ভিড়ের কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন আশঙ্কাও তৈরি হয়েছে। সেই আশঙ্কা দূর করতেই শনিবার সমাজমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সাধারণ মানুষের উদ্দেশে আবেদন জানান রাহুল।তাঁর বক্তব্য, দীপাবলি, ছটপুজো ও ভাইফোঁটার মতো উৎসবের মরসুমে দিল্লির ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসছেন, তাঁরা যেন স্থানীয় দোকান থেকে কিছু কেনাকাটা করেন। তাতে একদিকে যেমন আন্দোলনে অংশ নেওয়া হবে, অন্যদিকে তেমনই উপকৃত হবেন ছোট ব্যবসায়ীরা।রাহুলের অভিযোগ, এই কর্মসূচিকে ঘিরে বিজেপি ব্যবসায়ীদের মধ্যে অযথা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। তাঁর দাবি, ইন্ডিয়া জোটের সভার কারণে ব্যবসায়ীদের কোনও ক্ষতি হবে না। বরং বিপুল মানুষের উপস্থিতি স্থানীয় বাজারের বেচাকেনা বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে।এদিকে, রামলীলা ময়দানের সভাকে কেন্দ্র করে রাজধানীতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বিরোধী নেতারা বিভিন্ন রাজ্য থেকে দিল্লিতে পৌঁছতে শুরু করেছেন। নির্বাচন প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করেছে ইন্ডিয়া জোট।রাজনৈতিক সংঘাতের আবহে রাহুলের এই বার্তা তাই শুধু বিরোধী কর্মসূচিতে যোগ দেওয়ার ডাক নয়, উৎসবের মরসুমে ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার আবেদনও। আন্দোলনের মঞ্চে প্রতিবাদের আওয়াজ উঠুক, কিন্তু সেই আওয়াজে যেন চাপা না পড়ে ছোট দোকানদারের সংসার চালানোর লড়াই, সেই বার্তাই দিতে চাইলেন কংগ্রেস নেতা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

