Khabor Ekhon
আগের এসআইআর অসম্পূর্ণ, বাংলায় ফের ভোটার তালিকা সংশোধনের দাবি শমীকের
শ্রীতমা ব্যানার্জী : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে বাংলার রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ হল। রাজ্যে ফের এসআইআর করার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তা ছিল অসম্পূর্ণ। আরও স্বচ্ছ ও পূর্ণাঙ্গভাবে এই কাজ করা প্রয়োজন বলেই দাবি তাঁর।শনিবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চুক্তিভিত্তিক কর্মীদের একটি ট্রেড ইউনিয়নের উদ্বোধনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই দাবি জানান শমীক । তাঁর অভিযোগ, এসআইআর চলাকালীন ব্লক উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং বিজেপির কর্মীদেরও ভয় দেখানো হয়েছিল। এই ধরনের বাধা তৈরি না হলে ভোটার তালিকা থেকে আরও অনেক ভুয়ো নাম বাদ দেওয়া সম্ভব হত বলে দাবি করেন তিনি।সমিকের কথায়, পশ্চিমবঙ্গে সম্পন্ন হওয়া বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এখনও অসম্পূর্ণ। তাই নতুন করে এসআইআর হওয়া দরকার। তাঁর এই বক্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়েছিল। শমীকের দাবি, ২০ লক্ষেরও বেশি ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড চিহ্নিত হয়েছে। তাঁর মতে, এই তথ্যই ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার প্রয়োজনীয়তাকে প্রতিষ্ঠা করে। যদিও এই দাবির স্বাধীনভাবে যাচাই করা কোনও বিস্তারিত তথ্য তিনি প্রকাশ্যে তুলে ধরেননি।এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে বিরোধীদের আন্দোলন নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, গত সাত দশকে বাংলায় এত শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন দেখা যায়নি। এই পরিস্থিতির কৃতিত্ব জ্ঞানেশ কুমারকে দিয়ে তাঁকে পদ্মভূষণ দেওয়ার দাবিও জানান তিনি।শুধু এসআইআর বা নির্বাচন কমিশন নয়, এদিন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করেন শমীক। কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করার পাশাপাশি তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস বর্তমানে একাধিক গোষ্ঠীতে বিভক্ত।অন্যদিকে, এসআইআর বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিরোধীদের প্রতিবাদ কর্মসূচি চলছে। ফলে একদিকে নতুন করে এসআইআর করার দাবি, অন্যদিকে সেই প্রক্রিয়ার বিরোধিতা, দুই বিপরীত অবস্থানে বাংলার রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে।নির্বাচন শেষ হলেও ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক সংঘাত যে থামছে না, শমীক ভট্টাচার্যের নতুন দাবি তারই ইঙ্গিত দিচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

