Khabor Ekhon
রামলীলা ময়দানে রণহুঙ্কার, মোদি-শাহকে কড়া বার্তা, দিল্লি থেকেই আন্দোলনের আগুন জ্বালাল ইন্ডিয়া জোট
রাজনন্দিনী ঘোষ :রাজধানীর বুকেই এবার বিরোধী ঐক্যের শক্তিপ্রদর্শন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে প্রতিবাদে সামিল ইন্ডিয়া জোট। আর সেই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া রাজনৈতিক বার্তা দিল কংগ্রেস।রবিবারের এই প্রতিবাদ কর্মসূচিকে কার্যত মোদি-শাহের উদ্দেশে ‘কড়া সতর্কবার্তা’ বলে উল্লেখ করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তাঁর দাবি, আন্দোলনের ব্যাপকতা এবং সাধারণ মানুষের সমর্থন দেখে শাসক শিবিরের অস্বস্তি বেড়েছে। প্রতিবাদকারীদের অরাজক বলে দাগিয়ে দেওয়া কিংবা আন্দোলনকে সংসদের অসম্মান বলে ব্যাখ্যা করার চেষ্টা সেই অস্বস্তিরই বহিঃপ্রকাশ বলে কটাক্ষ করেন তিনি।বেণুগোপালের কথায়, এই প্রতিবাদ অতীতের সমস্ত আন্দোলনকে ছাপিয়ে যাবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবিতেও অনড় কংগ্রেস। তাঁর বক্তব্য, জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানো হবেই।এ দিন দিল্লিতে উপস্থিত কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে মুরলীধরনও একই সুরে সরব হন। তাঁর দাবি, দেশের মানুষ মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ চান। যত দিন না সেই দাবি পূরণ হচ্ছে, তত দিন ইন্ডিয়া জোটের আন্দোলন চলবে।এর আগে কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনও গণতন্ত্রের স্বার্থে নীরব দর্শক হয়ে থাকার বিরোধিতা করেছিলেন। তাঁর বক্তব্য, গণতন্ত্র যখন চ্যালেঞ্জের মুখে, তখন চুপ করে থাকা কোনও বিকল্প হতে পারে না।ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের ক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। সেই ক্ষোভকেই এবার রাজধানীর রাজপথে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের চেহারা দিতে চাইছে ইন্ডিয়া জোট। বিরোধীদের দাবি, ভোটাধিকার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির নিরপেক্ষতা রক্ষার লড়াই হিসেবেই এই আন্দোলন।সব মিলিয়ে রামলীলা ময়দানের এই জমায়েত শুধু একটি প্রতিবাদ কর্মসূচি নয়, বরং কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের সম্মিলিত শক্তি প্রদর্শনের মঞ্চও। রাজনৈতিক মহলের নজর এখন একটাই প্রশ্নে, দিল্লির এই আন্দোলনের আঁচ আগামী দিনে কতটা ছড়ায় জাতীয় রাজনীতিতে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

