Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

তেলের পাত্রে আরশোলা, পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্নের মুখে হুগলির তেলকল

0 776,633

শ্রীতমা ব্যানার্জী : উৎসবের মরশুমে রান্নার তেলের চাহিদা যখন তুঙ্গে, তখনই হুগলির একটি তেলকলের ছবি ঘিরে উঠল খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন। তেলের পাত্রে আরশোলার উপস্থিতি, অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণ এবং প্রয়োজনীয় ফুড লাইসেন্স না থাকার অভিযোগে দেবানন্দপুরের ওই তেলকলে অভিযান চালালেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। অভিযানে একাধিক অনিয়ম সামনে আসতেই তেলকল কর্তৃপক্ষকে নোটিস দেওয়া হয়েছে।শনিবার সকালে ব্যান্ডেলের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই অভিযান চালানো হয়। আধিকারিকদের নজরে আসে, প্যাকেটজাত ও টিনবন্দি তেল থেকে তেল বের করে ড্রামে রাখা হচ্ছে। পরে সেই তেল খোলা অবস্থায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। তেল সংরক্ষণ ও বিক্রির এই পদ্ধতি নিয়ে আপত্তি জানান খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা।অভিযানের সময় একটি পাত্রে আরশোলার উপস্থিতিও নজরে আসে। এই ঘটনায় তেলকলের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হাইজিন নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি, বিক্রি হওয়া তেলের গুণমান যাচাই করতে নমুনা সংগ্রহ করেছেন আধিকারিকরা। পরীক্ষাগারের রিপোর্ট হাতে আসার পরই তেলের গুণমান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।মগড়া ব্লকের খাদ্য সুরক্ষা আধিকারিক তনুশ্রী মিশ্র জানিয়েছেন, ওই তেলকলে বর্তমানে তেল উৎপাদন হয় না। তবে সেখানে খোলা তেল বিক্রি করা হচ্ছে এবং প্রয়োজনীয় ফুড লাইসেন্সও নেই। ব্যবসায়ীকে লাইসেন্স করানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, তেল সংরক্ষণ ও বিক্রির পদ্ধতি নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি।অন্যদিকে, দীর্ঘদিন ধরে ওই জায়গা থেকে তেল কিনতেন এমন এক ক্রেতা জানিয়েছেন, সেখানে এমন অস্বাস্থ্যকর পরিস্থিতি রয়েছে, তা তাঁর জানা ছিল না। তেলকলের ব্যবসায়ী রোশনলাল গুপ্তার দাবি, আরশোলা তেলের টিনে নয়, গুড়ের একটি টিনে ছিল। তাঁর বক্তব্য, আধিকারিকদের তরফে ১৫ দিনের নোটিস দেওয়া হয়েছে এবং সেই সময়ের মধ্যে প্রয়োজনীয় ত্রুটি সংশোধন করতে বলা হয়েছে।

 

তবে এই ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সংগৃহীত তেলের নমুনার পরীক্ষার রিপোর্ট। তেলের গুণমান নিয়ে কোনও অনিয়ম রয়েছে কি না, তা পরীক্ষার ফল প্রকাশ্যে এলেই স্পষ্ট হবে। তার আগে পর্যন্ত ভেজাল তেল বিক্রির অভিযোগকে প্রমাণিত বলে ধরে নেওয়ার সুযোগ নেই।

 

উৎসবের মরশুমে বাড়ির রান্না থেকে শুরু করে মিষ্টি ও ভোগ তৈরি, সর্বত্রই ভোজ্য তেলের ব্যবহার বাড়ে। সেই সময়ে খাদ্য সুরক্ষা নিয়ে এমন অভিযোগ স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাদ্যপণ্যের গুণমান এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে প্রশাসনের নজরদারি যে কতটা জরুরি, হুগলির এই ঘটনা ফের সেই প্রশ্নই সামনে এনে দিল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper