Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

0 66,377

শ্রীতমা ব্যানার্জী : বিদায় নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব, তার মধ্যেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের চোখরাঙানি। আবহাওয়ার খামখেয়ালিপনায় কি ফের ভিজবে বাংলা? শীতের আগমনের অপেক্ষায় থাকা রাজ্যবাসীর মনে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার রেশ এখনও পুরোপুরি কাটেনি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভার থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতিও তৈরি হয়েছে। এর মধ্যেই দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের নজর এখন এই নতুন আবহাওয়া ব্যবস্থার গতিপ্রকৃতির দিকে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নতুন নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শনিবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী দু’দিনে সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে নতুন নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে বড়সড় দুর্যোগের কোনও সতর্কতা জারি করা হয়নি।কলকাতার আকাশে আপাতত মেঘের আনাগোনা চলতে পারে। আগামী ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে শহর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ৫ নভেম্বরের পর দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে কিছুটা বেশি সতর্কতা রয়েছে। সেখানে জলীয় বাষ্পের প্রবেশের কারণে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে পরিস্থিতির অবনতি হতে পারে। ফলে পাহাড়ে যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।কলকাতায় শুক্রবার হালকা বৃষ্টির পাশাপাশি মেঘলা আকাশের প্রভাব দেখা গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অনুভূতিও বজায় থাকতে পারে।সব মিলিয়ে, ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই নতুন নিম্নচাপের আবির্ভাব। তবে নতুন এই আবহাওয়া ব্যবস্থা বাংলার দিকে কতটা প্রভাব বিস্তার করবে, তা নির্ভর করছে তার গতিপথ ও শক্তি বৃদ্ধির উপর। আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস না থাকলেও আবহাওয়ার দিকে নজর রাখছে হাওয়া অফিস।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper