Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

জাপানের রক্ষণে শেষ কোয়ার্টারে ভারতীয় তাণ্ডব, জয়ের হ্যাটট্রিক নিশ্চিত করল টিম ইন্ডিয়া

0 8,794

সঞ্জয় মিত্র : জলন্ধর: মাঠে লড়াই তখনও সমানে সমানে। একের পর এক আক্রমণ তৈরি করেও গোলের মুখ খুলতে পারছিল না ভারত। জাপানের জমাট রক্ষণে বারবার আটকে যাচ্ছিল ভারতীয় আক্রমণ। কিন্তু তাতেও মাথা ঠান্ডা রাখতে পেরেছিল হরমনপ্রীত সিংয়ের দল। আর সেই ধৈর্যেরই পুরস্কার মিলল শেষ কোয়ার্টারে। পরপর তিনটি গোল করে জাপানকে ৪-১ ব্যবধানে হারিয়ে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টানা তৃতীয় জয় তুলে নিল ভারত।ম্যাচের শুরুটা অবশ্য ভারতের পক্ষেই ছিল। ১১ মিনিটে অভিষেক নৈনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ১৫০তম ম্যাচে নেমে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি ম্যাচের শুরুতেই আত্মবিশ্বাস বাড়িয়ে দেন অভিষেক। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে জাপানকে সমতায় ফেরান শোতা ইয়ামাদা। এরপর থেকে ভারতীয় আক্রমণ সামলাতে রীতিমতো দেওয়াল তুলে দেয় জাপানের রক্ষণ।প্রথমার্ধে গোলের একাধিক সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি ভারত। জাপানের খেলোয়াড়দের নিখুঁত মার্কিং এবং সংগঠিত রক্ষণে আটকে যাচ্ছিলেন ভারতীয় ফরোয়ার্ডরা। তৃতীয় কোয়ার্টারেও ছবিটা খুব একটা বদলায়নি। ভারত আক্রমণে উঠলেও শেষ মুহূর্তের পাস ও ফিনিশিংয়ে খামতি থেকে যাচ্ছিল। অন্যদিকে, পেনাল্টি কর্নার থেকে চাপ তৈরি করার চেষ্টা চালিয়ে যায় জাপান। ফলে তিন কোয়ার্টার শেষে স্কোরলাইন দাঁড়িয়ে ছিল ১-১।তবে শেষ কোয়ার্টারে অন্য মেজাজে ধরা দেয় ভারত। আক্রমণের গতি বাড়ানোর পাশাপাশি জাপানের রক্ষণে একের পর এক চাপ তৈরি করতে শুরু করেন হরমনপ্রীতরা। ৪৭ মিনিটে ভারতের পাওয়া একমাত্র পেনাল্টি কর্নার থেকেই আসে গুরুত্বপূর্ণ গোল। অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের নিখুঁত ও জোরালো ড্র্যাগ ফ্লিকে এগিয়ে যায় ভারত। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এই গোলটাই যেন যথেষ্ট ছিল।এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতকে। ৫১ মিনিটে দুরন্ত ফিল্ড গোলে ব্যবধান বাড়ান অভিষেক নৈন। ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দেন তিনি। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে হরমনপ্রীতের নিখুঁত এরিয়াল পাস থেকে গোল করে ভারতের জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেন বিষ্ণুকান্ত সিং। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।ম্যাচ শেষে ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং জানিয়েছেন, শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত নিজেদের পরিকল্পনায় অবিচল থাকাই ছিল দলের মূল লক্ষ্য। তাঁর মতে, গোল না পেলেই যে দলের খেলা খারাপ হচ্ছে, এমনটা নয়। বরং সুযোগ তৈরি করে ধৈর্য ধরে খেলে যাওয়া এবং চাপের মুখেও মাথা ঠান্ডা রাখাই ছিল আসল চ্যালেঞ্জ। শেষ কোয়ার্টারে সেই পরিকল্পনাই কাজে দিয়েছে।ভারতের প্রধান কোচ ক্রেগ ফুলটনও দলের ধৈর্য ও সংযমের প্রশংসা করেছেন। তাঁর মতে, প্রথমদিকে আক্রমণের শেষ ভাগে ভারত যথেষ্ট কার্যকর হতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও উঁচুতে উঠে প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল কাজে দিয়েছে। বিশেষ করে শেষ কোয়ার্টারে ভারতের উচ্চগতির প্রেসিং জাপানের রক্ষণকে চাপে ফেলে দেয়।বাংলাদেশকে ১৩-০ গোলে উড়িয়ে এবং চিনকে ৫-২ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। এবার জাপানকে হারিয়ে টানা তিনটি জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করল পাঁচবারের চ্যাম্পিয়নরা। রবিবার পরের ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে ভারত। টুর্নামেন্টের শুরু থেকেই যে ছন্দ দেখাচ্ছে দল, তাতে খেতাব ধরে রাখার লড়াইয়ে ভারতকে নিয়ে প্রত্যাশা বাড়ছেই।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper