Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

২৯০ কোটির ঋণ লুটের অভিযোগ, বিদ্যুৎকেন্দ্রের নামে টাকা উধাও, সিএ-দের ডেরায় ইডির ধামাকা

0 329,007

শ্রীতমা ব্যানার্জী :শুক্রবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় নতুন করে তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। লেকটাউন, হাওড়ার শিবপুর থেকে হুগলির উত্তরপাড়া, একযোগে বিভিন্ন এলাকায় তদন্তকারী সংস্থার হানায় ছড়িয়েছে চাঞ্চল্য। কোটি কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতি এবং আর্থিক তছরুপের অভিযোগকে কেন্দ্র করেই এই অভিযান বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।তদন্তকারী সূত্রে খবর, ঝাড়খণ্ডে একটি বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার নাম করে ব্যাঙ্কের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়েছিল। অভিযোগ, সেই অর্থ নির্দিষ্ট প্রকল্পে ব্যবহার না করে বিভিন্ন সংস্থার মাধ্যমে অন্যত্র সরিয়ে ফেলা হয়। গোটা আর্থিক লেনদেনের পিছনে কোনও বড়সড় জালিয়াতির চক্র কাজ করেছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।লেকটাউনের অবনী অক্সফোর্ড ফেজ-১ আবাসনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অশোক সারথির বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। অভিযোগ, শেল কোম্পানি তৈরি করে বিপুল অঙ্কের আর্থিক অনিয়মে তাঁর ভূমিকা থাকতে পারে। একইসঙ্গে হাওড়ার শিবপুরের বিবেক বিহারে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সচিন জৈনের বাড়িতেও পৌঁছন তদন্তকারীরা।অন্যদিকে, উত্তরপাড়ার শিবতলা স্ট্রিটেও এদিন ইডির অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সেখানে সুদীপ্ত ঘোষের বাড়িতে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুদীপ্ত ঘোষকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।তদন্তের কেন্দ্রে রয়েছে কোহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থা। অভিযোগ, ঝাড়খণ্ডে ৬৬ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র তৈরির পরিকল্পনার কথা জানিয়ে ব্যাঙ্কের একাধিক সংস্থার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছিল। সেই ঋণের পরিমাণ প্রায় ২৯০ কোটি টাকা। কিন্তু প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ বাস্তবে কোথায় এবং কীভাবে ব্যবহার করা হয়েছে, তা নিয়েই উঠেছে একাধিক প্রশ্ন।ইডির সন্দেহ, একাধিক শেল কোম্পানির মাধ্যমে ঋণের টাকা অন্যত্র সরিয়ে আর্থিক তছরুপ করা হয়ে থাকতে পারে। সেই অর্থের গতিপথ খুঁজতেই একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে একযোগে তল্লাশি চালানো হচ্ছে।শুধু ঋণ জালিয়াতি নয়, এই বিপুল অঙ্কের অর্থের সঙ্গে আর কারা যুক্ত, কোন কোন সংস্থার মাধ্যমে টাকা লেনদেন হয়েছে এবং গোটা প্রক্রিয়ায় পেশাদার আর্থিক পরামর্শদাতাদের ভূমিকা কী ছিল, এখন সেই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি শেষে কী কী নথি বা তথ্য হাতে আসে, সেদিকেই নজর থাকবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper