Khabor Ekhon
চিনের ভিসা বিতর্কে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাদ অরুণাচলের ভারোত্তোলক
নিজস্ব প্রতিনিধি (নয়াদিল্লি): ভারত-চিন কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ল ক্রীড়াক্ষেত্রেও। চিনের নিংবোয় আসন্ন সিনিয়র বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ হারালেন অরুণাচল প্রদেশের ভারোত্তোলক চারু পেসি। চিনের পক্ষ থেকে তাঁকে ‘স্ট্যাপলড ভিসা’ দেওয়ার ইঙ্গিত মেলায় ভারতীয় ভারোত্তোলন ফেডারেশন (আইডব্লিউএলএফ) তাঁকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।চিন অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। সেই বিতর্কের জেরে ওই রাজ্যের বাসিন্দাদের জন্য চিনের স্ট্যাপলড ভিসা দেওয়ার প্রথা দীর্ঘদিন ধরেই ভারত-চিন সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তির কারণ। এই ধরনের ভিসা ভারত সরকার গ্রহণ করে না। ফলে চারু পেসির ক্ষেত্রে একই সমস্যার পুনরাবৃত্তি হল।জানা গিয়েছে, চারুকে স্ট্যাপলড ভিসা দেওয়ার সম্ভাবনার কথা জানিয়ে ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের কাছে সম্মতিপত্র চাওয়া হয়েছিল। কিন্তু ফেডারেশন সেই ভিসা গ্রহণে সম্মতি দেয়নি। এরপরই চারুকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।আসন্ন প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে অংশ নেওয়ার কথা ছিল চারুর। তাঁর কাছে এটি ছিল আন্তর্জাতিক মঞ্চে নিজের দক্ষতা প্রমাণের গুরুত্বপূর্ণ সুযোগ। কিন্তু ভিসা-সংক্রান্ত জটিলতায় সেই স্বপ্ন আপাতত অধরা থেকে গেল।অরুণাচলের খেলোয়াড়দের ক্ষেত্রে এই ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। ২০২৩ সালে চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশ নিতে গিয়েও স্ট্যাপলড ভিসার কারণে দুই ভারতীয় উশু খেলোয়াড় সমস্যায় পড়েছিলেন। তাঁদের প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব হয়নি।বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে ক্রীড়াবিদদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেও কূটনৈতিক জটিলতায় খেলোয়াড়দের সুযোগ হারানো ভারতীয় ক্রীড়ামহলে উদ্বেগ বাড়াচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

