AB Live News
জ্ঞানেশের ইস্তফার দাবিতে দিল্লি উত্তাল, রাজপথে নাগরিকের গর্জন
ইন্দ্রাণী ঘোষ : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তপ্ত রাজধানী। রবিবার দিল্লিতে একসঙ্গে দু’টি মিছিলের ডাক ঘিরে সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় যন্তর মন্তর ও সংলগ্ন এলাকা। নাগরিক মিছিল এবং যুব কংগ্রেসের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে মোতায়েন করা হয় প্রায় ৫০০০ পুলিশকর্মী। পাশাপাশি ছিল র্যাফ এবং আধাসামরিক বাহিনী। যন্তর মন্তরমুখী একাধিক রাস্তায় বসানো হয় ব্যারিকেড।আয়োজকদের তরফে জানানো হয়, নাগরিক মিছিলের অন্যতম দাবি জ্ঞানেশ কুমারের পদত্যাগ। একই সঙ্গে দেশের মহিলাদের নিরাপত্তা নিয়েও সরব হওয়ার কথা জানান আন্দোলনকারীরা। বিকেল ৪টেয় নাগরিক মিছিল এবং তার পর যুব কংগ্রেসের মিছিল হওয়ার কথা ছিল। দু’টি মিছিলেরই গন্তব্য যন্তর মন্তর। তবে দিল্লি পুলিশের দাবি, এই কর্মসূচিগুলির জন্য অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও বড় জমায়েতের আশঙ্কায় আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।এই বিক্ষোভের আবহ আরও উত্তপ্ত হয়েছে আগের দিনের একটি অভিযোগকে ঘিরে। যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন কয়েক জন মহিলা সাংবাদিক পুলিশকর্মীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগের তদন্তের জন্য বিষয়টি ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে।শনিবারও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয় এবং একাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। তার পরেই রবিবার ফের মিছিলের ডাক দেওয়ায় পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে ওঠে।রবিবার তাই মূল নজর ছিল যন্তর মন্তরের দিকে। এক দিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক ও নাগরিক অসন্তোষ, অন্য দিকে মহিলা নিরাপত্তা ও পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন দুই ইস্যু মিলিয়ে রাজধানীর রাজপথে তৈরি হয় চাপা উত্তেজনা। নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই আন্দোলনকারীরা তাঁদের কর্মসূচি পালন করার প্রস্তুতি নেন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

