Khabor Ekhon
দল দখলের অভিযোগ তুলে ওম বিড়লাকে প্রতিষ্ঠাতা শান্তনুর চিঠি
শিবনাথ দাস : তৃণমূল ছেড়ে আসা সাংসদদের দ্বারা পরিচালিত ন্যাশনালিস্ট সিটিজেনশিপ পার্টি অব ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআই-এর অভ্যন্তরীণ কোন্দল এবার জাতীয় স্তরে পৌঁছে গেল। দলের নতুন কমিটি গঠনকে অবৈধ দাবি করে এবং পুরো প্রক্রিয়াটির তীব্র বিরোধিতা জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি বিস্তারিত চিঠি পাঠিয়েছেন দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য শান্তনু দে। তাঁর স্পষ্ট অভিযোগ, তৃণমূল ছেড়ে আসা কুড়ি জন দলত্যাগী সাংসদ দলের মূল আদর্শ, সংবিধান ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্পূর্ণ অন্ধকারে রেখে অন্যায়ভাবে দলটিকে দখল করার চরম চক্রান্তে লিপ্ত হয়েছেন। শান্তনু দে জানান, ২০২২ সালে তাঁরা সাধারণ নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষা করার মহৎ উদ্দেশ্য নিয়ে এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নিজে দলের অন্যতম প্রতিষ্ঠাতা এবং জাতীয় সম্পাদক (সংগঠন) পদে দায়িত্ব পালন করে আসছিলেন। অথচ সম্প্রতি কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়দের মতো নেতারা দলে শামিল হওয়ার পরই প্রতিষ্ঠাতাদের সঙ্গে কোনওরকম আলোচনা না করে একতরফাভাবে নতুন কমিটি গঠন করেছেন। এমনকি ত্রিপুরা বা অন্যান্য রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পুরোনো প্রতিনিধিদেরও কোনও মতামত গ্রহণ করা হয়নি। প্রতিষ্ঠাতা হিসেবে তাঁদের কোনও পদ থেকে সরানো হয়েছে কি না, সে বিষয়েও আজ পর্যন্ত কোনও প্রাতিষ্ঠানিক তথ্য জানানো হয়নি। চিঠিতে আরও একটি গুরুত্বপূর্ণ অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে। নবগঠিত এনসিপিআই-এর জাতীয় কর্মসমিতির সভাপতি হিসেবে জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। এই প্রসঙ্গে শান্তনু দে দাবি করেন, দলের প্রতিষ্ঠাতা সদস্যরা জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় নামে কাউকে কখনও দেখেননি এবং তাঁর পরিচয় সম্পর্কে কেউই অবগত নন। দলের প্রচারপত্রে বা পূর্বতন কার্যক্রমে যাঁর কোনও অস্তিত্ব ছিল না, তাঁকে হঠাৎ সভাপতি হিসেবে তুলে ধরে কমিটি গঠন করা হয়েছে। এই পুরো প্রক্রিয়ার মধ্যে গভীর আইনি ও রাজনৈতিক অস্বচ্ছতা রয়েছে বলে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। শান্তনু দে লোকসভার স্পিকারকে অনুরোধ জানিয়েছেন, প্রতিষ্ঠাতা সদস্যদের সমর্থন ছাড়া গঠিত এই অনৈতিক কমিটিকে যেন কোনওভাবেই আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া না হয়। একইসঙ্গে তিনি বলেন, তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়ে আসা সাংসদরা যদি নতুন দলে যোগ দিতে চান, তবে তাঁদের উচিত পূর্বের পদ ছেড়ে এই দলের নিজস্ব প্রতীকে নতুন করে নির্বাচিত হয়ে আসা। তৃণমূলের দুই-তৃতীয়াংশ প্রতিনিধির সমর্থন ছাড়া কেবল কয়েকজন সাংসদের দলবদল দলত্যাগ বিরোধী আইনের পরিপন্থী। ফলে একদিকে যখন শীর্ষ আদালতে পদ খারিজের শুনানি চলছে এবং স্পিকারের কাছে জবাবদিহির সময় এগিয়ে আসছে, তখন দলের অন্দরের এই চিঠি দলত্যাগী সাংসদদের অবস্থানকে আরও গভীর আইনি সংকটের মুখে ঠেলে দিল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

