Khabor Ekhon
মমতাকে হারানোর ব্লুপ্রিন্ট ক্যামাক স্ট্রিটেই, নেতৃত্বে ছিল অভিষেক, দাবি ঋতব্রতর
শিবনাথ দাস: বিধানসভা নির্বাচনে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক জমি ভবানীপুর কেন্দ্রে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের নেপথ্যে দলের সর্বোচ্চ স্তর থেকেই অন্তর্ঘাত চালানো হয়েছিল বলে অভিযোগ উঠল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয় থেকেই মমতা-সহ দলের একাধিক শীর্ষ নেতাকে রাজনৈতিকভাবে খতম করার নীল নকশা তৈরি হয় বলে এক সাক্ষাৎকারে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, দল ও প্রশাসনের রাশ এককভাবে নিজের হাতে কুক্ষিগত করতেই এই ভয়াবহ পরিকল্পনা রূপায়ণ করা হয়েছিল।
এক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, নির্বাচনে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর থেকেই ক্যামাক স্ট্রিটের সমান্তরাল দপ্তর অতিসক্রিয় হয়ে ওঠে। সেখানে বসেই মোট ১৪ জন তৃণমূল প্রার্থীর একটি গোপন তালিকা তৈরি করা হয়, যাঁদের যে কোনও মূল্যে ভোটে পরাস্ত করার লক্ষ্য স্থির করা হয়েছিল। বিরোধী দলনেতার বক্তব্য অনুযায়ী, সেই তালিকার একেবারে শীর্ষে জ্বলজ্বল করছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। ঋতব্রত দাবি করেন, ভবানীপুর ছাড়াও দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতার কেন্দ্রে ভোটের দিন সুনির্দিষ্ট কিছু কৌশল অবলম্বন করা হয়। এর মধ্যে ছিল দলীয় এজেন্টদের বুথে বসতে সরাসরি বাধা দেওয়া, শীর্ষ স্তরের বিশ্বস্ত সংগঠকদের নিষ্ক্রিয় করে রাখা এবং অর্থ ও পেশিশক্তির সমন্বয় আটকে দিয়ে দলের নিজস্ব প্রার্থীকেই কোণঠাসা করা। ঋতব্রতর সংযোজন, এই সুপরিকল্পিত চক্রান্তের শিকার হয়েছিলেন তিনি নিজেও। ওই ১৪ জনের যে চক্রান্তমূলক তালিকা তৈরি করা হয়েছিল, তার মধ্যে তাঁর নামও রাখা হয়। ফলস্বরূপ, ওই ১৪ জন প্রার্থীর মধ্যে মাত্র দু’জন কোনও রকমে জয় পেলেও বাকি ১২ জনকেই পরাজয় বরণ করতে হয়। ঋতব্রতর দাবি, দলের ক্ষমতা হস্তান্তরের পথ মসৃণ করতে প্রবীণ নেতৃত্বকে হঠিয়ে এই অন্তর্ঘাত নামিয়ে আনা হয়েছিল। তিনি স্পষ্ট জানান, এই গোটা ষড়যন্ত্রের নথিপত্র এবং নির্দেশনার অকাট্য তথ্যপ্রমাণ তাঁর কাছে সংরক্ষিত রয়েছে। প্রয়োজনে এই সমস্ত তথ্য ও প্রমাণ তিনি আদালত কিংবা উপযুক্ত তদন্তকারী সংস্থার সামনে পেশ করতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না।ভোটের ফল বেরোনোর পর ভবানীপুরের বেশ কিছু বুথে তৃণমূলের এজেন্ট না থাকা এবং ভোট পরিচালনার ত্রুটি নিয়ে খোদ দলীয় কর্মীদের একাংশের মধ্যেই গুঞ্জন তৈরি হয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের ফলে সেই পুরোনো বিতর্ক নতুন করে সামনে চলে এল। দলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে চলা নবীন বনাম প্রবীণ শিবিরের বিরোধ যে কোন পর্যায়ে পৌঁছেছিল, তা বিরোধী দলনেতার এই দাবিতে স্পষ্ট হয়ে উঠেছে। তবে এই সংক্রান্ত চাঞ্চল্যকর বয়ান প্রকাশ্যে এলেও এখনও পর্যন্ত ক্যামাক স্ট্রিটের কার্যালয় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিরোধীদের দাবি, এই ঘটনার সত্যতা প্রমাণিত হলে তা রাজ্য রাজনীতির সমীকরণকে আমূল বদলে দেবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

