AB Live News
টি-২০ মঞ্চে ভারত বনাম আফগানিস্তান! দিল্লিতে আজ কে দেখাবে দাপট?
সঞ্জয় মিত্র :টেস্টের পর এবার টি-২০-র লড়াই। রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত। সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ, তার আগে ৬.৩০টায় হবে টস। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর ডেপুটি তিলক বর্মা। অন্যদিকে আফগানিস্তানের শক্তির জায়গা তাদের স্পিন আক্রমণ। রশিদ খান, মহম্মদ নবী থেকে শুরু করে একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে তৈরি আফগান দল ভারতকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।ভারতীয় শিবিরে সবচেয়ে বেশি নজর থাকবে তরুণ বৈভব সূর্যবংশীর দিকে। অল্প বয়সেই জাতীয় দলে জায়গা করে নেওয়া এই তরুণ ব্যাটারের সামনে রয়েছে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ। জিম্বাবোয়ের বিরুদ্ধে সাম্প্রতিক পারফরম্যান্সের পর তাঁর উপর আস্থা রেখেছেন নির্বাচকেরা।উইকেটরক্ষক-ব্যাটার নির্বাচন নিয়েও রয়েছে আগ্রহ। সঞ্জু স্যামসনের সঙ্গে বৈভব সূর্যবংশীর নাম নিয়ে জল্পনা রয়েছে। পাশাপাশি ঈশান কিষানের কাছেও রয়েছে ব্যক্তিগত নজির গড়ার সুযোগ। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১০ রান করলেই টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে রান সংগ্রহের তালিকায় মহেন্দ্র সিং ধোনিকে টপকে যাবেন ঈশান।দিল্লিতে একই মাঠে হবে সিরিজের তিনটি ম্যাচ। প্রথম ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছিল সংশয়, কারণ একই সময়ে রাজধানীতে চলছে ব্রিকস সম্মেলন। তবে দিল্লি ক্রিকেট সংস্থা জানিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা করে ম্যাচটি নির্ধারিত সময়েই আয়োজন করা হবে। ফলে সব মিলিয়ে রবিবারের ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। একদিকে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে নতুন ভাবনার ভারত, অন্যদিকে রশিদদের স্পিন-চালিত আফগানিস্তান—প্রথম টি-২০-তেই জমে উঠতে পারে হাড্ডাহাড্ডি লড়াই।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

