Khabor Ekhon
ফের ভূমিকম্পের হানা, কেঁপে উঠল ভারত-সহ একাধিক এলাকা!
শ্রীতমা ব্যানার্জী : ফের কেঁপে উঠল ভূখণ্ড। দেশের একাধিক প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী তিব্বত ও আফগানিস্তানেও সাম্প্রতিক সময়ে একের পর এক ভূমিকম্পের কম্পন নথিভুক্ত হয়েছে। কোথাও কম্পনের মাত্রা তুলনামূলক কম, আবার কোথাও তা ছিল মাঝারি। স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে অসমের গোলপাড়া ও কোকরাঝাড়, লাদাখ, জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকা এবং তিব্বত অঞ্চলে একাধিক কম্পন রেকর্ড হয়েছে। এর মধ্যে ৮ সেপ্টেম্বর গোলপাড়ায় ৪.১ মাত্রার ভূমিকম্পের কম্পন ধরা পড়ে। একই দিনে কোকরাঝাড়েও কম্পন নথিভুক্ত হয়। শুধু উত্তর-পূর্ব ভারত নয়, হিমালয় সংলগ্ন এলাকাতেও সক্রিয় ছিল ভূকম্পনপ্রবণ অঞ্চল। লাদাখে ৩.৪ মাত্রার এবং লাদাখের কাছাকাছি জম্মু-কাশ্মীর অঞ্চলে ৩.২ মাত্রার কম্পন রেকর্ড হয়েছে। তিব্বতেও ৪.৩ মাত্রার ভূমিকম্পের তথ্য রয়েছে।অন্যদিকে আফগানিস্তানেও পরপর কয়েকটি ভূমিকম্পের ঘটনা নথিভুক্ত হয়েছে। ৯-১০ সেপ্টেম্বরের মধ্যে সেখানে ৪.৭, ৪.২ এবং ৩.৫ মাত্রার একাধিক কম্পন রেকর্ড করেছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্পের ক্ষেত্রে আতঙ্কের বদলে সতর্ক থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কম্পন অনুভূত হলে দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়া, জানলা বা ভারী আসবাব থেকে দূরে থাকা এবং লিফট ব্যবহার না করার মতো প্রাথমিক নিরাপত্তাবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত এই সাম্প্রতিক কম্পনগুলির সঙ্গে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। ভূমিকম্পপ্রবণ এই বিস্তীর্ণ অঞ্চলে পরপর কম্পন অবশ্য নতুন করে নজর কেড়েছে বিশেষজ্ঞদের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

