Khabor Ekhon
গলায় টায়ার আটকে ছটফট বুনো হাতি, ঘণ্টার পর ঘণ্টার অভিযানে মিলল মুক্তি
শ্রীতমা ব্যানার্জী : জঙ্গলের পথ ধরে খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল সে। কিন্তু গলার চারপাশে তখন যেন মৃত্যুফাঁস। শক্ত হয়ে আটকে রয়েছে একটি বিশাল ট্রাক্টরের টায়ার। হাঁটতে গেলেই অস্বস্তি, নড়াচড়ায় যন্ত্রণা—অসহায় সেই বুনো হাতির ছবি ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়ায় অসমের গোলাঘাটে। ঘটনাটি গোলাঘাট জেলার মোরঙ্গি এলাকার বোকিয়াল ফোরেস্ট ব্লকের। চা-বাগানের কাছে একটি হাতির গলায় টায়ার আটকে থাকতে দেখেন স্থানীয়রা। হাতিটি তখন খাবারের সন্ধানে এদিক-ওদিক ঘুরছিল। গলায় ভারী টায়ার ঝুলতে থাকায় তার স্বাভাবিক চলাফেরাও ব্যাহত হচ্ছিল। খবর পৌঁছয় বনদফতরের কাছে।পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত শুরু হয় নজরদারি। কিন্তু বুনো হাতিকে ঘিরে কোনও তাড়াহুড়োই যে বিপদ ডেকে আনতে পারে, তা জানতেন বনকর্মীরা। তাই নিরাপদ সুযোগের অপেক্ষায় ধৈর্য ধরে হাতিটির গতিবিধি লক্ষ্য করতে থাকেন তাঁরা। স্থানীয় মানুষকেও হাতিটির কাছে না যেতে, ভিড় না করতে এবং কোনওরকম উত্তেজনা তৈরি না করার আবেদন জানানো হয়। এরপর শুরু হয় দীর্ঘ উদ্ধার অভিযান। বনদফতরের কর্মীদের সঙ্গে পশু চিকিৎসকদের দলও কাজে নামে। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পর অবশেষে নিরাপদে হাতিটিকে নিয়ন্ত্রণে এনে গলার টায়ারটি খুলে ফেলা সম্ভব হয়। উদ্ধার অভিযানে হাতিটির যাতে কোনও ক্ষতি না হয়, সেই বিষয়টিই ছিল সবচেয়ে বড় অগ্রাধিকার।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জঙ্গলে পড়ে থাকা কোনও ট্রাক্টরের টায়ার কৌতূহলবশত শুঁড় দিয়ে নাড়াচাড়া করতে গিয়ে হাতিটির গলায় আটকে যেতে পারে। যদিও ঠিক কীভাবে টায়ারটি তার গলায় পৌঁছল, তা নিশ্চিত নয়। এই ঘটনা শুধু একটি হাতিকে উদ্ধারের গল্প নয়। জঙ্গলে মানুষের ফেলে যাওয়া আবর্জনা কীভাবে মুহূর্তে বন্যপ্রাণীর জন্য বিপজ্জনক ফাঁদ হয়ে উঠতে পারে, তারও নির্মম ছবি। একটি পরিত্যক্ত টায়ার যে এত বড় প্রাণীর জীবনেও বিপদ ডেকে আনতে পারে, গোলাঘাটের এই ঘটনা ফের সেই প্রশ্নই সামনে এনে দিল। শেষ পর্যন্ত গলার সেই যন্ত্রণার বলয় থেকে মুক্তি পেয়েছে হাতিটি। দীর্ঘ উদ্বেগের পর স্বস্তি ফিরেছে বনকর্মী ও স্থানীয়দের মধ্যেও। জঙ্গলের পথে ফের সে হয়তো নিজের মতো করেই হাঁটবে—গলায় আর থাকবে না মানুষের ফেলে যাওয়া সেই নিষ্ঠুর চিহ্ন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

