AB Live News
যাদবপুর কি ফের রাজনীতির দখলে? স্লোগান-কাণ্ডে মুখ খুললেন শমীক
শ্রীতমা ব্যানার্জী : যাদবপুর বিশ্ববিদ্যালয় কি ফের রাজনীতির আঁতুড়ঘর? পড়াশোনার চত্বরেই একের পর এক স্লোগান, পাল্টা স্লোগান—আর তা ঘিরেই এবার বিস্ফোরক বিতর্ক। ক্যাম্পাসের দেওয়ালে লেখা স্লোগানকে কেন্দ্র করে উত্তাপ ছড়াতেই মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। যাদবপুরের দেওয়ালজুড়ে কী লেখা হচ্ছে? কারা লিখছে? আর সেই স্লোগানের আড়ালে ঠিক কী বার্তা দেওয়া হচ্ছে? প্রশ্ন উঠতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শমীকের বক্তব্য ঘিরে সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। জাতীয়তাবাদ বনাম পাল্টা রাজনৈতিক অবস্থান—দুই মেরুর সংঘাতে ক্রমশ উত্তপ্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাতাস। একদিকে মিছিল, অন্যদিকে পাল্টা কর্মসূচি। তার উপর দেওয়ালে বিতর্কিত স্লোগান। ফলে প্রশ্ন একটাই—বিশ্ববিদ্যালয় কি পড়ুয়ার হাতে, নাকি ফের দখল নিচ্ছে রাজনীতি?যাদবপুরে ছাত্ররাজনীতি নতুন নয়। কিন্তু রাজনৈতিক মতাদর্শের লড়াই যখন ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশকে গ্রাস করে, তখন তার অভিঘাত গিয়ে পড়ে শিক্ষাঙ্গনের উপরেই। সম্প্রতি ক্যাম্পাসে জাতীয়তাবাদী কর্মসূচি এবং তার পাল্টা কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে শমীকের মন্তব্যকে ঘিরে নতুন করে সরগরম রাজনৈতিক মহল। বিজেপি নেতৃত্বের বক্তব্য, যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ধরনের দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা যায় না। অন্যদিকে বিরোধী শিবিরের পাল্টা প্রশ্ন—স্লোগানকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণ কি ইচ্ছাকৃত ভাবে বাড়ানো হচ্ছে? দেওয়ালে লেখা কয়েকটি শব্দ থেকেই শুরু হয়েছে বিতর্ক। কিন্তু সেই বিতর্ক যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই এখন বড় প্রশ্ন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

