Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“দান নয়, দাম চাই”—ভয়াবহ বন্যার পর নেপালের কড়া বার্তা ভারত-চিন-আমেরিকাকে!

0 908,253

শ্রীতমা ব্যানার্জী : হিমালয়ের বুক চিরে নেমে আসা  ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল এবার শুধু ত্রাণ চাইছে না। কাঠমান্ডুর দাবি—‘সহানুভূতি নয়, জলবায়ু ন্যায়ের ভিত্তিতে ক্ষতিপূরণ চাই।’ আর সেই দাবিকে আন্তর্জাতিক মঞ্চে আরও জোরালো করতে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বালেন্দ্র ‘বালেন’ শাহ নিউইয়র্কে যেতে পারেন বলে খবর।নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, বিপর্যয়ের পিছনে জলবায়ু পরিবর্তনের বৃহত্তর প্রভাবের বিষয়টি সামনে রেখে আন্তর্জাতিক স্তরে ক্ষতিপূরণের দাবি তোলা হবে। তাঁর অভিযোগ, বিশ্বের অন্যতম বৃহৎ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশগুলির মধ্যে থাকা চিন, আমেরিকা ও ভারত জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য বিশেষভাবে দায়বদ্ধ। খানালের বক্তব্য, ‘‘এটা দয়ার বিষয় নয়। এটা আইনি ও নৈতিক দায়বদ্ধতার প্রশ্ন।’’

‘হিমালয়ান সুনামি’তে বিপর্যস্ত একাধিক জেলা

গত ২৬ অগস্ট ভুটেকোশি নদী অববাহিকায় আচমকা ভয়াবহ বন্যা নেমে আসে। রাশুয়া, নুওয়াকোট ও ধাদিং-সহ বাগমতী প্রদেশের একাধিক এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। নেপালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১,১০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ। ভেসে গিয়েছে ঘরবাড়ি, সেতু, রাস্তা। ক্ষতিগ্রস্ত হয়েছে জলবিদ্যুৎ প্রকল্প-সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামো। হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হয়েছে।

বিপর্যয়ের ভয়াবহতা বোঝাতে নেপাল ঘটনাটিকে বলছে—‘হিমালয়ান সুনামি’

প্রাথমিক তদন্তে নেপাল-চিন সীমান্তের উচ্চ পার্বত্য অঞ্চলে একটি বিশাল পাথর ও বরফের ধস থেকে এই বিপর্যয়ের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বন্যার সঠিক কারণ এবং এর সঙ্গে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ সম্পর্ক কতটা—তা নিশ্চিত করতে আরও বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন।

পুনর্গঠনে লাগতে পারে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার

নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলের হিসাব অনুযায়ী, ধ্বংস হওয়া পরিকাঠামো পুনর্গঠন ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে ফের স্বাভাবিক অবস্থায় আনতে ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত প্রয়োজন হতে পারে। এই অঙ্ক নেপালের অর্থনীতির প্রায় ১০ শতাংশের কাছাকাছি। তাই কাঠমান্ডু এবার আন্তর্জাতিক মহলের কাছে নতুন ভাষায় আবেদন জানাচ্ছে—শুধু সাহায্য নয়, দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য অর্থ চাই।

রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে উঠতে পারে ‘জলবায়ু ন্যায়’-এর প্রশ্ন

৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৮১তম রাষ্ট্রসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশন। প্রথমে সেখানে নেপালের প্রতিনিধিত্ব করার কথা ছিল বিদেশমন্ত্রী খানালের। তবে এখন প্রধানমন্ত্রী বালেন শাহ নিজে নিউইয়র্কে গিয়ে বিষয়টি তুলে ধরবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে। বালেন শাহ গেলে তাঁর বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে রাশুয়ার ভয়াবহ বন্যা এবং জলবায়ু ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক দায়বদ্ধতা।নেপালের যুক্তি, দেশটি বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনে সামান্যই অবদান রাখে। অথচ হিমবাহ গলন, পাহাড়ের ঢাল অস্থিতিশীল হয়ে পড়া এবং আকস্মিক হিমবাহ-উদ্ভূত বন্যার মতো বিপদের মুখে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলির মধ্যে নেপাল অন্যতম।

তবে ভারতের ক্ষেত্রে হিসাবটা অন্যরকম

চিন, আমেরিকা ও ভারতকে মোট নির্গমনের নিরিখে বিশ্বের সবচেয়ে বড় নির্গমনকারী দেশগুলির মধ্যে রাখা হলেও, মাথাপিছু নির্গমনের ছবিটা একেবারেই আলাদা। ইউরোপীয় কমিশনের ২০২৪ সালের এডগার হিসাব অনুযায়ী, মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনে আমেরিকা ও চিন ভারতের তুলনায় অনেক এগিয়ে। ভারতের মাথাপিছু নির্গমন প্রায় ৩ টন (সিওটু) -সমতুল্য, যেখানে চিনের তা প্রায় ১১ টন এবং আমেরিকার ১৭ টনেরও বেশি।ভারত দীর্ঘদিন ধরেই বলে আসছে, জলবায়ু দায়বদ্ধতা নির্ধারণে শুধু বর্তমান নির্গমন নয়—ঐতিহাসিক নির্গমন, মাথাপিছু নির্গমন, উন্নয়নের প্রয়োজন এবং আগে শিল্পায়িত দেশগুলির দায় বিবেচনা করা উচিত। ফলে নেপালের দাবির সামনে আন্তর্জাতিক মঞ্চে নতুন করে উঠতে পারে জলবায়ু দায়বদ্ধতার সেই পুরনো বিতর্ক।

লস এন্ড ড্যামেজ ’ তহবিলের দ্বারস্থ নেপাল

শুধু ভারত, চিন বা আমেরিকার দিকে সরাসরি ক্ষতিপূরণের দাবি ছোড়া নয়—নেপাল ইতিমধ্যেই আন বেকড ফান্ড ফর রেসপন্ডিং টু লস এন্ড ড্যামেজ -এর কাছে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে।এই তহবিলটি ২০২২ সালের সিঅপি২৭-এ সম্মত হয় এবং সিঅপি২৮-এ তা কার্যকর করার প্রক্রিয়া এগোয়। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলিকে সহায়তা করাই এর অন্যতম উদ্দেশ্য। নেপালের আবেদনপত্রে ভয়াবহ প্রাণহানি, ব্যাপক বাস্তুচ্যুতি, পরিকাঠামো ধ্বংস এবং মানুষের জীবিকা ও প্রয়োজনীয় পরিষেবায় বিপর্যয়ের কথা তুলে ধরা হয়েছে। কাঠমান্ডু শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, পুনর্বাসন, পুনর্গঠন এবং বিশেষজ্ঞ সহায়তাও চাইছে। উদ্ধারকাজে টানেল-রেসকিউ দল, ফরেনসিক বিশেষজ্ঞ এবং বেইলি ব্রিজের মতো সরঞ্জামের প্রয়োজনের কথাও জানানো হয়েছে।

কাঠমান্ডুর নতুন বার্তা—‘নিজেদের বিপর্যয়ের বিল নিজেরাই কেন দেব?’

নেপালের কূটনৈতিক বার্তা ক্রমেই স্পষ্ট হচ্ছে। তাদের বক্তব্য—যে দেশগুলির বৈশ্বিক উষ্ণায়নে অবদান তুলনামূলকভাবে কম, তাদেরই বারবার জলবায়ু বিপর্যয়ের পর উদ্ধার, পুনর্বাসন ও পুনর্গঠনের বিপুল খরচ বহন করতে হলে তা ন্যায়সঙ্গত নয়।তবে রাশুয়ার ভয়াবহ বন্যার সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে তার প্রত্যক্ষ সম্পর্ক এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। সেই তদন্তের ফল আন্তর্জাতিক মহলে নেপালের ক্ষতিপূরণ দাবির যুক্তিকে কতটা শক্তিশালী করে, এখন সেটাই দেখার। একদিকে হিমালয়ের ধ্বংসস্তূপ, অন্যদিকে কূটনীতির নতুন লড়াই—নেপালের ‘ত্রাণ নয়, ন্যায়বিচার’ দাবি এবার পৌঁছতে চলেছে রাষ্ট্রসঙ্ঘের দরজায়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper