Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“কলমের জবাব এফআইআর -এ? এবিপি -র পাশে সাংবাদিক সংগঠন, উঠল প্রতিবাদের ঝড়”

0 5,643,973

শ্রীতমা ব্যানার্জী : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত ২০ অগস্টের ভাঙচুরের ঘটনা নিয়ে আনন্দবাজার পত্রিকা-য় প্রকাশিত প্রতিবেদনের জেরে কলকাতা পুলিশের এফআইআর  ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সাংবাদিকদের ‘ভয় দেখানোর চেষ্টা’ করা হচ্ছে—এমন অভিযোগ তুলে এফআইআর প্রত্যাহারের দাবি জানাল একাধিক সাংবাদিক সংগঠন। এক যৌথ বিবৃতিতে ইন্ডিয়ান ওমেন্স  প্রেস কর্পস  এবং প্রেস এসোসিয়েশন জানায়, কোনও সংবাদে ব্যবহৃত ভাষা সংশ্লিষ্ট সাংবাদিক ও সম্পাদকরা প্রতিষ্ঠানের নীতি এবং প্রচলিত সাংবাদিকতার নিয়ম মেনেই নির্ধারণ করেন। নির্দিষ্ট শব্দ ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সাংবাদিক বা সম্পাদকের নাম ও পদ জানতে চাওয়ার বিষয়টিও তাঁরা ‘টার্গেট করার প্রবণতা’ হিসেবে দেখছেন।সাংবাদিক সংগঠনগুলির বক্তব্য, সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রশাসনের এমন পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর চাপ তৈরি করতে পারে। গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন সংবাদমাধ্যমের পরিবেশ বজায় রাখা জরুরি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।তাঁদের দাবি, সাংবাদিকদের ভয় দেখানো বা সংবাদ প্রকাশে বাধা দেওয়ার জন্য এফআইআর -এর মতো আইনি প্রক্রিয়াকে হাতিয়ার করা থেকে রাজ্য সরকার ও প্রশাসনকে বিরত থাকতে হবে। পাশাপাশি আনন্দবাজার পত্রিকা-র সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সংগঠনগুলি।এর মধ্যেই ফেডারেশন অফ প্রেস ক্লাব-ও প্রকাশ্যে সরব হয়েছে। সংগঠনটির অভিযোগ, ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৯৬—ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টির অভিযোগ এবং ধারা ২৯৯—ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর চাপ তৈরি করছে।ফেডারেশন অফ প্রেস ক্লাব -এর দাবি, এই ধারাগুলিতে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। ফলে এই ধরনের কঠোর আইনি ধারা প্রয়োগকে তারা সংবাদমাধ্যমকে ‘চাপের মধ্যে রাখার’ প্রচেষ্টা হিসেবে দেখছে।সংগঠনটির আরও অভিযোগ, গোটা ঘটনার ধারাবাহিকতা থেকে তাঁদের মনে হচ্ছে যে সাংবাদিক, সংবাদপত্র এবং সংবাদমাধ্যম যাতে স্বাধীনভাবে কথা বলতে না পারে, সেই পরিবেশ তৈরি করা হচ্ছে।দেশের আটটি প্রেস ক্লাবের সমন্বয়ে গঠিত ফেডারেশন অফ প্রেস ক্লাব তাই আনন্দবাজার পত্রিকা-র সম্পাদকীয় কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এখন মূল প্রশ্ন—সংবাদ প্রতিবেদনের ভাষা নিয়ে পুলিশের এফআইআর কি সাংবাদিকদের স্বাধীন মতপ্রকাশে প্রভাব ফেলবে? নাকি আইনের আওতায় তদন্ত চলবে? বিতর্কের কেন্দ্রে এখন সংবাদমাধ্যমের স্বাধীনতা বনাম আইনি পদক্ষেপের সীমারেখা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper