Khabor Ekhon
আবাসনে ভয়াবহ আগুন, মুহূর্তে ভাইরাল আগুনের ছবি, ঘটনাস্থলে দমকল

শ্রীতমা ব্যানার্জী : হাওড়ার আন্দুলে আচমকাই আতঙ্কের কালো ছায়া। মৌড়িগ্রামের আমতলা এলাকার একটি বহুতল আবাসনে বুধবার দুপুরে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আবাসনের ভিতরে আটকে পড়েন কয়েক জন বাসিন্দা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি বাসিন্দাদের নিরাপদে বের করে আনার কাজ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আবাসনের একটি ফ্ল্যাট থেকেই আগুনের সূত্রপাত। আগুনের তীব্রতায় দ্রুত ছড়িয়ে পড়ে ধোঁয়া। আতঙ্কে আবাসনের বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কয়েক জন ভিতরে আটকে পড়লেও তাঁদের অনেককেই ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আবাসনের ভিতরে আর কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘন কালো ধোঁয়া দেখে আশপাশের বাসিন্দারাও ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। আবাসনের সামনে তৈরি হয় উদ্বেগের পরিবেশ। দমকলকর্মীরা এক দিকে আগুনের উৎস চিহ্নিত করে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, অন্য দিকে আবাসনের ভিতরে থাকা মানুষজনকে নিরাপদে বের করে আনার কাজ চালাচ্ছেন। কী কারণে ওই ফ্ল্যাটে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় লক্ষ্য, আগুন যাতে আবাসনের অন্য অংশে ছড়িয়ে না পড়ে এবং ভিতরে কেউ আটকে না থাকেন, তা নিশ্চিত করা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

