Khabor Ekhon
“বিকট শব্দে কেঁপে উঠল মানিকতলা, হুড়মুড়িয়ে ভাঙল বাড়ির অংশ”
শ্রীতমা ব্যানার্জী : কলকাতার মানিকতলায় ফের সামনে এল শহরের পুরনো ও জীর্ণ বাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ওয়ার্ডস ইনস্টিটিউটের কাছে একটি পুরনো দু’তলা বাড়ির একাংশ আচমকাই ভেঙে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত বড় ধরনের প্রাণহানির খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটিতে প্রায় ১৫টি ঘর ভাড়া দেওয়া রয়েছে। দীর্ঘদিন ধরেই বাড়িটির বেহাল দশা নিয়ে বাসিন্দাদের মধ্যে আশঙ্কা ছিল। ঘটনার সময় বাড়ির উপরের অংশে কয়েকজন ছিলেন। আচমকা ছাদ ও দেওয়ালের একটি অংশ ভেঙে নীচে পড়তেই মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়দের দাবি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও বাড়িটির একটি অংশ ভেঙে পড়েছিল। তারপরেও বাড়িটির স্থায়ী মেরামতি কিংবা নিরাপত্তার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে ফের বাড়ির অংশ ভেঙে পড়ার ঘটনায় প্রশ্ন উঠছে, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও কেন বিপজ্জনক বাড়িটিকে নিরাপদ করার ব্যবস্থা করা হল না। এদিকে ঘটনার পর বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। বাড়ির মালিকের দাবি, নোটিস পাওয়ার পর একাধিকবার ভাড়াটিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। যদিও ভাড়াটিয়াদের পাল্টা দাবি, এমন কোনও নোটিসের বিষয়ে তাঁদের জানানো হয়নি। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা পৌঁছন। আপাতত বাড়িটির পরিস্থিতি এবং আশপাশের নিরাপত্তার বিষয়টি নজরে রাখা হচ্ছে। মানিকতলার এই ঘটনায় ফের প্রশ্ন উঠেছে—শহরের বুকে এমন জীর্ণ বাড়িগুলিকে বড়সড় দুর্ঘটনার আগে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কবে?
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

