Khabor Ekhon
যেখানে জীবনের প্রথম কান্না শোনার কথা ছিল, সেখানেই আগুনের ধোঁয়ায় থেমে গেল তিনটি ছোট্ট নিঃশ্বাস
রিচা সেন :: যে ওয়ার্ডে ভোর হওয়ার কথা ছিল নতুন জীবনের কান্নায়, সেখানেই রাতের অন্ধকার চিরে ছড়িয়ে পড়ল আগুন। কয়েক মুহূর্তের আগুন আর ধোঁয়ার দমকে থমকে গেল চিকিৎসক, নার্স থেকে সদ্যোজাতদের পরিবারের স্বপ্ন। মহারাষ্ট্রের অমরাবতীর সরকারি মহিলা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল তিন নবজাতকের।সোমবার ভোররাত সাড়ে ৩টে নাগাদ অমরাবতী জেলা মহিলা হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পরই আগুনের সূত্রপাত। সেই সময় ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩৯ জন সদ্যোজাত।আগুনের খবর ছড়াতেই মুহূর্তে শুরু হয় হুড়োহুড়ি। চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মীরা ছুটে গিয়ে একে একে শিশুদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে শুরু করেন। চিকিৎসারত শিশুদের সঙ্গে যুক্ত মেডিক্যাল যন্ত্রপাতি দ্রুত বিচ্ছিন্ন করে শুরু হয় জরুরি উদ্ধারকাজ। কিন্তু আগুন ও ধোঁয়ার তীব্রতায় তিন নবজাতককে আর বাঁচানো সম্ভব হয়নি। গুরুতর দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসকষ্টের জেরে তাদের মৃত্যু হয়।অগ্নিকাণ্ডের পর ছয় শিশুকে আশঙ্কাজনক অবস্থায় কাছের সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে তিনটি পৃথক অংশ ছিল—জন্মের পর থেকেই হাসপাতালে থাকা শিশু, বাইরে থেকে আসা শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় থাকা শিশুদের জন্য আলাদা ব্যবস্থা। তিনটি অংশ মিলিয়ে ভর্তি ছিল ৩৯ জন নবজাতক। ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছন পুলিশের পদস্থ আধিকারিকরা। শুরু হয়েছে তদন্ত। প্রশাসনের তরফে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং চিকিৎসা সরঞ্জামের রক্ষণাবেক্ষণে কোনও গাফিলতি ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। বিরোধী নেতারাও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালে অগ্নি ও চিকিৎসা সরঞ্জামের নিরাপত্তা অডিটের দাবি তুলেছেন।ভোরের আলো ফোটার আগেই যে ওয়ার্ডে ছোট ছোট প্রাণের বাঁচার লড়াই চলছিল, সেখানেই আগুন কেড়ে নিল তিনটি নিষ্পাপ জীবন। অমরাবতীর এই মৃত্যু শুধু শোক নয়, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার দিকেও ছুড়ে দিল গভীর প্রশ্ন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

