Khabor Ekhon
হকিতে বড় ধাক্কা, বিশ্বকাপ সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল ভারত
সঞ্জয় মিত্র ::বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ ভারতের। শনিবার দ্বিতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের কাছে ১-৩ গোলে হারল ভারতীয় পুরুষ হকি দল। এই হারের ফলে শেষ চারে ওঠার আর কোনও সম্ভাবনা রইল না। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে ভারতের জয় প্রয়োজন ছিল। শুরুটা অবশ্য আশাব্যঞ্জকই ছিল। প্রথমার্ধে ভারত লড়াইয়ে টিকে থাকলেও ম্যাচ যত গড়িয়েছে, ততই নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।
৪১ মিনিটে দুকো টেলগেনক্যাম্পের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এরপর ৫১ মিনিটে টিজেপ হোডেমেকার্স ব্যবধান বাড়ান। ঠিক এক মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। কিন্তু সেই আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৫ মিনিটে থাইস ভান ড্যাম আরও একটি গোল করে নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করেন।শেষ দশ মিনিটেই ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। পরপর দুই গোল হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ভারত। দ্বিতীয় রাউন্ডে এখনও কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি ভারত। এর আগে প্রথম রাউন্ডেও ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল। সোমবার শেষ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচ জিতলেও ভারতের পয়েন্ট হবে সর্বোচ্চ তিন। সেমিফাইনালে ওঠার জন্য যা যথেষ্ট নয়।ফলে আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচের পর পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী পর্বে খেলতে হবে ভারতকে।নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম জয়ের অপেক্ষাও আরও দীর্ঘ হল। ১৯৭৩ সালের বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি শুটআউটে ভারতের স্বপ্ন ভেঙেছিল ডাচ দল। এবারও গুরুত্বপূর্ণ মুহূর্তে সেই নেদারল্যান্ডসই ভারতের পথ আটকে দিল।যে ম্যাচে শুরু থেকেই লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল ভারত, শেষ পর্যন্ত সেই ম্যাচই হতাশা নিয়ে শেষ হল। নির্ণায়ক মুহূর্তে অভিজ্ঞ ও শক্তিশালী নেদারল্যান্ডসের সামনে টিকতে পারল না ভারত।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

